কালবিলম্ব না করে দ্রুত সংলাপে বসে সমঝোতায় পৌঁছার জন্য প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসাবে চারদিন ঢাকা সফরশেষে গতকাল সোমবার বিকালে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে অস্কার ফার্নান্দেজ তারানকো বলেন, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখনই সমঝোতায় পৌঁছাতে হবে। সেজন্য দ্রুত সংলাপে বসা দরকার। আগামী নির্বাচন সহিংসতামুক্ত, স্বচ্ছ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য উপায়ে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। এখনই সংলাপে বসে সমঝোতায় উপনীত না হলে এর পরিণতি কি হবে তা সবারই জানা। বাংলাদেশের ইতিহাসই সবচেয়ে বড় ইঙ্গিত দেয়, ভাল ও স্বচ্ছ নির্বাচন না হলে এর ফল কি হতে পারে। দলগুলো যত দ্রুত সংলাপে বসবে, তত দ্রুত সমাধান বেরিয়ে আসবে।
জাতিসংঘ সহকারী মহাসচিব সফরকালে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ মন্ত্রী, উপদেষ্টা, রাজনীতিবিদ, স্পিকার, নির্বাচন কমিশন, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনার প্রসঙ্গ টেনে সাংবাদিকদের বলেন, সকল দল ও পক্ষ সবার অংশগ্রহণে একটি ভাল নির্বাচন হোক সেটা চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে কারো কোন ভিন্নমত নেই বলে আমার মনে হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আন্তরিকতা দেখেছি। সংলাপের জন্য প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ জানিয়েছেন, তাতে বিরোধী দলের সাড়া দেয়া উচিত। সময় শেষ হওয়ার আগেই সংলাপে বসতে হবে।
ফার্নন্দেজ তারানকো বলেন, আমি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের গুরুত্বপূর্ণ ও তাত্পর্যপূর্ণ বার্তা নিয়ে এসেছি। এখানকার সাম্প্রতিককালের সহিংসতার ব্যাপ্তি ও নির্বাচন নিয়ে পরস্পরমুখী অবস্থানে বান কি মুন খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত। তার প্রত্যাশা একটি অর্থবহ ও গঠনমূলক রাজনৈতিক সংলাপ হবেই। সংলাপের মধ্য দিয়ে একটি সফল ও ভাল নির্বাচনের জন্য উপযোগী ও সহায়ক পরিবেশ সৃষ্টি হবে। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা ধরে রাখা সবার কাছে অগ্রাধিকার পাওয়া উচিত। এই সন্ধিক্ষণে সবার একযোগে কাজ করতে হবে যাতে একটি ভাল নির্বাচন করা যায়। জাতিসংঘ মহাসচিব চান সকল দল জনসম্মুখে সহিংসতা ও সন্ত্রাস পরিত্যাগ করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সবার অগ্রাধিকার হতে হবে। মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাত্পর্যবহ। তাই এটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য না হলে এর প্রথম শিকার হবে জনগণ। অর্থনৈতিক সম্ভাবনা নষ্ট হবে। এদেশের জনগণের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে থাকার অধিকার রয়েছে। তাই নির্বাচন নিয়ে সংকটের সমাধান হতেই হবে।
জাতিসংঘ দূত বলেন, বিশ্বাসযোগ্য ও ভাল নির্বাচন এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। নেতৃবৃন্দ এই চ্যালেঞ্জ উত্তরণ করবেন। বাংলাদেশ জাতিসংঘের বড় অংশীদার। আর্থসামাজিক অগ্রগতি, বিভিন্ন ইতিবাচক সূচক অর্জন, শান্তিরক্ষী বাহিনীতে অবদান রেখে বাংলাদেশ সুনাম অর্জন করেছে। জাতিসংঘ মহাসচিবের অনেক আগ্রহ ও অনুরাগ রয়েছে বাংলাদেশকে নিয়ে। তাই মহাসচিবের উদ্বেগের মাত্রাও বেশি। জাতিসংঘ সংকট নিরসনে কোন ফর্মুলা দেবে কী না? এমন প্রশ্নের জবাবে বিশেষ দূত বলেন, এটা জাতিসংঘ বা বিদেশি কারো কাজ নয়। সমাধান বা ফর্মুলা নিজেদেরই করতে হবে। বাংলাদেশের জনগণ ও নেতৃবৃন্দ নির্ধারণ করবেন সমাধান কিভাবে হবে। কেমন সরকারের অধীনে নির্বাচন হবে বা নির্বাচনকালীন সরকারের কাঠামো তাদেরই সমঝোতার ভিত্তিতে নির্ধারণ করতে হবে। তবে সব পক্ষের সঙ্গে আলোচনায় মনে হয়েছে অনেক অভিন্ন মত ও অবস্থান রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে বৈঠকের কর্মসূচি বাতিল প্রসঙ্গে জিজ্ঞাসার জবাবে বিশেষ দূত বলেন, এই সফরের সময় কোন কর্মসূচি বা সাক্ষাত্ বাতিল হয়নি।
