উদ্ধার শেষ, স্বজনরা চিনতে পারেনি ২৯৩টি লাশ

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৫৪
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত ও মৃতদেহ উদ্ধার শেষ হয়েছে। গতকাল বিকালে রানা প্লাজার বেজমেন্ট পরিষ্কার করেন উদ্ধারকর্মীরা। এছাড়া গত রবিবার সকালের পর ধ্বংসস্তূপ থেকে আর কোন লাশ উদ্ধার হয়নি। ধ্বংসস্তূপ থেকে আর কোন লাশ উদ্ধারের কোন সম্ভাবনা নেই বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। সেনাবাহিনী থেকেও বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ। অপরদিকে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ১১২৭ টি লাশের মধ্যে স্বজনরা চিনতে পারেনি ২৯৩ টি লাশ। সেসব লাশের মধ্যে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে ২৩৪ জনের লাশ এবং হাসপাতাল মর্গে রয়েছে ৫৯ জনের লাশ। রানা প্লাজা এবং সাভার অধরচন্দ্র বিদ্যালয়ে অপেক্ষমাণ স্বজনরা এখন নিশ্চিত হয়েছেন যে, অজ্ঞাত পরিচয়ে দাফন করা এবং হাসপাতাল মর্গে থাকা লাশের দাবিদার তারা। উদ্ধারকর্মীরা বলছেন, দীর্ঘ সময়ে ধ্বংসস্তূপের ভেতর আর কোনো লাশ না পাওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযানের সমাপ্তি টানা হয়েছে। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। সেটা আজ মঙ্গলবার নাগাদ শেষ হয়ে যাবে। উদ্ধারকর্মীরা আরো বলেন, ধ্বংসস্তূপ সরানো হয়ে যাওয়ার পর আর লাশ পাওয়ার প্রশ্ন আসে না। গতকাল দুপুরে উদ্ধার অভিযানের ব্যাপারে সেনাবাহিনীর কর্নেল শায়েখুজ্জামান বলেন, সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপে সেনাবাহিনীর উদ্ধার কাজ শেষ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপর মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের নিকট ধ্বংসস্তূপ সরানোর দায়িত্ব হস্তান্তর করবে সেনাবাহিনী। এদিকে উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসায় গতকাল বিকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশের রাস্তাটিও যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ায় ঢাকা-আরিচা মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়েছিল। দুর্ঘটনার ৫ দিন পর জনসাধারণের কথা বিবেচনা করে মহাসড়কের পশ্চিম পাশ খুলে দেয়া হয়েছিল। জেলা প্রসাশন সূত্র জানিয়েছে, গত রবিবার পর্যন্ত সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে হস্তান্তরের অপেক্ষায় রাখা ৬টি মরদেহের মধ্যে ৪টি শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য ৫৯টি লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ দাফন করা হয়েছে ২৩৪টি লাশ। এদিকে নিখোঁজের শতাধিক স্বজনকে গতকাল দুপুরে সাভারের অধরচন্দ্র স্কুলের মাঠে অপেক্ষা করতে দেখা গেছে। স্বজনরা জানিয়েছেন, রানা প্লাজার তৃতীয় তলার অপারেটর ইন বেগম, ৪র্থ তলার অপারেটর পারভীন আক্তার, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝুকিরহাটি গ্রামের সুমি বেগম, ৪র্থ তলার অপারেটর নূরজাহান বেগম, টাঙ্গাইলের নাগরপুরে বাচবিহালী গ্রামের সুমি, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরাম কাঠি গ্রামের লিজা আক্তার, গার্মেন্টসকর্মী বাবু মিয়া, আশা, বাজেস্বর, বর্না, শিলা, মাহমুদা আক্তার, মুন্নি, মর্জিনা বেগম, লাকি, বিলকিস, শিল্পী, রাশেদা, শ্যামলী, কামনা বেগম, সহিমা, শামিম, শিলা আক্তার, নাছিমা আক্তার, মাসুদসহ শ’তিনেক মানুষ নিখোঁজ রয়েছেন। অজ্ঞাত অবস্থায় যেসব লাশ দাফন করা হয়েছে, তারা আপনাদের স্বজন কিনা? জানতে চাইলে অনেকে কেঁদে ফেলেন। তারা বলেন, হয়তো আমরাই চিনতে পারিনি আমাদের স্বজনদের। এতোদিন পর লাশের পরিচয় চেনার কোন উপায় থাকে না। একারণে প্রিয় মানুষটির লাশ সামনে থাকা অবস্থায়ও চিনতে পারিনি। অপর দিকে নিখোঁজদের স্বজনরা ডিএনএ টেস্টের জন্য নমুনা দিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে ডিএনএর মাধ্যমে লাশ শনাক্ত করতে আরো অন্তত তিন মাস সময় লেগে যাবে। তিন মাস পরে নিখোঁজ ব্যক্তির কবর কোথায় জানতে পারলেও নিজ এলাকায় কারো কবর দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। এদিকে সাভারের মর্মান্তিক এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশের পোশাকশিল্প। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোও সমালোচনায় মুখর হয়েছে। এমনকি বিদেশি ক্রেতারা কয়েকটি পোশাক কারখানার পরিবেশ ও মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবে না বলে জানিয়ে দিয়েছে। রানা প্লাজার বেজমেন্ট থেকে অস্ত্র-মাদক উদ্ধার সাভারে রানা প্লাজা ভবন ধসের ২০তম দিনে লাশের কোনো সন্ধান না পাওয়া গেলেও পাওয়া গেছে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য। গতকাল সোমবার দুপুরে বেজমেন্টের বর্জ্য অপসারণের সময় এসব উদ্ধার করে র্যাব। র্যাব সদস্যরা জানান, রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানার আন্ডার গ্রাউন্ড অফিসের পাশ থেকে ভারতীয় ফেনসিডিল, বিয়ার, চাপাতি, রামদা, করাত, শিকল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে র্যাব-৪ এর অধিনায়ক মেজর এম আরিফুল ইসলাম জানান, দুপুরে বেজমেন্টের বর্জ্য অপসারণের সময়ে ভবন মালিক সোহেল রানার অফিস কক্ষ থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব দেশীয় অস্ত্র ও মাদকদ ব্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সাভার থানার এসআই রফিকুল ইসলাম জানান, রানা প্লাজার বেজমেন্টের ধ্বংসস্তূপ থেকে র্যাব কর্মকর্তারা এগুলো উদ্ধার করে সাভার থানায় হস্তান্তর করেছেন। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।