সাভার ট্র্যাজেডির জন্য আমরা সকলেই দায়ী

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৫৬
নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাভার ট্র্যাজেডির জন্য আমরা সকলেই দায়ী। এখানে একে অপরকে দোষারোপের কোনো সুযোগ নেই। আমরা যদি নিজেদের দোষ স্বীকার করে নিই, আত্মসমালোচনা করি, তাহলেই আমরা শুদ্ধ হতে পারবো। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে পারবো। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংগঠন পিপিআরসি আয়োজিত ‘সাভার ট্র্যাজেডি : শ্রমিকদের কল্যাণ ও চলমান অর্থনৈতিক সংকটে করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে বত্তৃদ্ধতায় এসব কথা বলেন তিনি। পিপিআরসির প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে সংলাপে আরও অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) গোলাম কাদের ও রাশেদা কে চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সভাপতি অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, স্থপতি মোবাশ্বার হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, গণস্বাস্থ্য কেন্দে র ট্রাস্টি ডা: জাফরউল্লাহ চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা: মো. এনামুর রহমান, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি অ্যান্ড্রু বারনার্ড প্রমুখ। মূলনিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এ তসলিম। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রত্যেকেরই নানা রকম মতামত থাকতে পারে। বিভক্তি থাকতে পারে। কিন্তু লক্ষ্য অবশ্যই এক এবং অভিন্ন থাকতে হবে। রানা প্লাজার বিপন্নদের সহায়তার প্রশ্নে সংহতি থাকতে হবে। আমরা গার্মেন্টস বাজারের তলায় নয়, নেতৃত্বে থাকতে চাই। দুনিয়াতে মাথা উঁচু করে থাকতে চাই। রানা প্লাজার ঘটনায় বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ক্ষমতা বিদেশিদেরকে বুঝিয়ে দিতে হবে। যেসব ক্রেতা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। যারা ফিরে যেতে চাচ্ছে তাদেরকে বুঝাতে হবে। বাংলাদেশের পোশাক শ্রমিকদের কৃতদাস আখ্যা দিয়ে পোপের দেয়া বক্তব্য অসত্য প্রমাণ করতে হবে। এ জন্য কৃতদাস নয়, মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মজুরি নির্ধারণ করতে হবে। ড. ইউনূস বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এটি গৌরববোধ করার মতো বিরাট একটি বিষয়। দেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০ লাখ নারী শ্রমিক আধুনিক বাংলাদেশের ভিত্তিস্থাপন করছেন। সুতরাং তাদের কথা ভুলে থাকলে চলবে না। ভবিষ্যত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এই ভিত্তি আরও শক্ত করতে হবে। তাদেরকে আধুনিক মানুষ হওয়ার সুযোগ দিতে হবে। সঠিক মজুরি দিতে হবে। আমাদের তো সেটা করার সুযোগ রয়েছে। সাভারের ভবন ধসের ঘটনার বিষয়ে ড. ইউনূস বলেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। কারও জন্য বসে না থেকে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। ড. ইউনূস আরও বলেন, পোশাক শিল্প ও এই শিল্পের শ্রমিক এবং বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই। এই তিনটিই একসঙ্গে রক্ষা করতে হবে। সংহতিপূর্ণ জাতি হিসেবে আমাদের গড়তে হবে। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ভবিষ্যত নিরাপত্তার জন্যই সাভার দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, যাতে এরকম দুর্ঘটনা আর না ঘটে। এ জন্য সরকারকে অবশ্যই শক্ত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, এই বিয়োগান্তক ঘটনার পর গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিক ইউনিয়ন গঠন জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, শ্রমিকদের অবশ্যই ন্যায্য অধিকার দিতে হবে। কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদার করতে হবে। অনুমোদিত বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ করতে সরকারকে কঠোর হওয়ারও আহ্বান জানান তিনি। সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, সাভার ট্র্যাজেডিসহ গার্মেন্টস খাতের সামগ্রিক ঘটনা-প্রবাহে সরকারের নানা রকম ব্যর্থতার চিত্রই পরিষ্কার হয়েছে। এ অবস্থায় নাগরিক সমাজের করণীয় ঠিক করতে হবে। শিগগিরই শক্তিশালী শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে মত দেন তিনি। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এদেশে আইন আছে কিন্তু আইনের বাস্তবায়ন নেই। নিমতলী, তাজরিন ও সাভারের ট্র্যাজেডি সরকারের ধারাবাহিক ব্যর্থতার অংশ। তিনি বলেন, শুধু রানা প্লাজা নয়, বর্তমানে রাজধানীর ৮০% ভবন ঝুঁকিতে রয়েছে। সিপিডি নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি ঘটনার পর শুধু ওয়াদা করা হয়। কিন্তু এগুলোর কোনো মূল্য বা তাত্পর্য নেই। আজকের ওয়াদা আগামীকাল ভুলে যাওয়াটাই যেন নিয়ম। সে কারণে মনিটরিং জোরদার করতে হবে। ন্যূনতম শ্রমিক মজুরি নিশ্চিত করতে হবে।