বিরোধী দলের নেতা হতে পিপিপি এমকিউএমের সমর্থন লাগবে ইমরানের

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৫৭
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের পর সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধুলিস্যাত্ হয়ে গেছে। এখন বাকী আছে বিরোধী দলের নেতা হওয়া। এই পদটি পেতে চাইলে তাকে আগের কথা প্রত্যাহার করে নিতে হবে। বিগত জোট সরকারের প্রধান শরীক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অথবা জোটের শরীক মুত্তাহিদা কওমী মুভমেন্টের (এমকিউএম) সঙ্গে সমঝোতা করতে হবে। শনিবারের নির্বাচনে জাতীয় পরিষদের ১২৬টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে পিএমএল-এন, ৩১টি আসন পেয়েছে পিপিপি, ২৯টি পেয়েছে পিটিআই, ১৮টি পেয়েছে এমকিউএম। নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে পিটিআই। কিছু আসনে পুননির্বাচনের দাবিতে তারা শনিবার রাতে ও রবিবার বিক্ষোভ করে। সহিংসতা এড়াতে করাচিতে গতকাল সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। খবর ডন-এর। পিটিআই চেয়ারম্যান ইমরান খান নির্বাচনী প্রচারণায় ও সাক্ষাত্কারে একাধিকবার স্পষ্ট করে বলেছেন, পিপিপি, পিএমএল-এন ও এমকিউএমসহ যেসব দল গত পাঁচ বছর যারা কেন্দ্র বা প্রদেশে ক্ষমতায় ছিল তাদের সঙ্গে তিনি হাত মেলাবেন না। ব্যাপক দুর্নীনির জন্য তিনি শুধু বিগত পিপিপি সরকারের মন্ত্রীদেরই সমালোচনাই করেননি, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে শপথ না নেয়ার কথাও ঘোষণা করেন। তিনি আরো বলেন, প্রয়োজনে বিরোধী দলে বসবেন কিন্তু এসব দলের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন না। নির্বাচনের আগে একটি মঞ্চ থেকে পড়ে গিয়ে আহত ইমরান খান এখন হাসপাতালের বিছানায়। সেখান থেকে তিনি ভবিষ্যত্ বিরোধী দলের নেতার মতোই কথা বলছেন। সেখানেও তিনি বলছেন, পিপিপি বা এমকিউএমের সঙ্গে সমঝোতা করবেন না। আর এটি না করলে তিনি সেই পদটিও পাবেন না। এক্ষেত্রে পিপিপি ও এমকিউএমের যৌথভাবে মনোনীত এমপিই বিরোধী দলের নেতা হবেন। তবে দুটি আসন প্রাপ্ত পাকিস্তান মুসলিম লীগ-কিউ এর মহাসচিব ইমরান খানকে বিরোধী দলের নেতা হিসেবে দেখতে চান। পিপিপি ও এমকিউএম নেতারা এ নিয়ে এখনই কোন কথা বলতে চান না। তবে সৈয়দ খুরশীদ শাহকে বিরোধী দলের নেতা মনোনীত করার কথা ভাবছে। নির্বাচনে ভরাডুবির পর তারা এই পদটি হাতছাড়া করতে চান না। এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করছে পিটিআই। তারা কারচুপির প্রমাণ সংগ্রহ করে নির্বাচন কমিশনে জমা দিচ্ছেন। বিক্ষোভ ও সহিংসতা ঠেকাতে গতকাল করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়, অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়। কারচুপির প্রতিবাদে গত শনিবার রাতে ও রবিবার করাচিতে পিটিআই বিক্ষোভ করে। তারা গতকালও করাচির একটি এলাকায় বিক্ষোভ করে। পিএমএল-এন ও ন্যাশনাল আওয়ামী পার্টি রবিবার বিক্ষোভ করে। কারচুপির অভিযোগ তদন্তের জন্য নির্বাচন কমিশন ১৪টি ট্রাইব্যুনাল গঠন করেছে।