শেখ হাসিনা সে সময় এজেন্ডা নির্ধারণের কথা বলেছিলেন

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৫৭
সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, যে সরকার বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি দেয় না সেই সরকারের সঙ্গে সংলাপ হতে পারে না। সরকার সংলাপের নামে দেশের মানুষ ও বিদেশিদেরকে ধোঁকা দিচ্ছে। তিনি বলেন, এই সরকার সংলাপে আন্তরিক নয়। তারা প্রতিদিনই বিরোধী দলের শীর্ষ নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এখনো শত শত নেতা-কর্মী কারাগারে আটক রয়েছেন। এ ধরনের পরিস্থিতিতে সংলাপের সুষ্ঠু পরিবেশ নেই। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক গবেষণা পরিষদ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ একথা বলেন। সভায় সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম রুবেল সভাপতিত্ব করেন। ব্যারিস্টার মওদুদ বলেন, অতীতে যখনই সংলাপ হয়েছে সংলাপের পূর্বে বিরোধী দলের নেতাদের সসম্মানে মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই সরকার উল্টো পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ১৯৯৪ সালে তত্কালীন বিএনপি সরকার বিরোধীদলীয় নেত্রীকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিল। জবাবে বিরোধীদলীয় নেত্রী তার চিঠির সংলাপের এজেন্ডা নির্ধারণের প্রস্তাব করেছিলেন। সেই চিঠিতে শেখ হাসিনা লিখেছিলেন সুনির্দিষ্ট এজেন্ডা ছাড়া সংলাপ হতে পারে না। তিনি সেদিন যে যুক্তি দেখিয়েছিলেন আজ তা বেমালুম ভুলে গেছেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহিদউল্লাহ মজুমদার, এডভোকেট আবুল কালাম আযাদ প্রমুখ।