বিএনপিকে ‘শর্তহীন’ সংলাপের প্রস্তাব দিতে পারে সরকার

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৫৮
জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফরের প্রেক্ষাপটে সংলাপ প্রশ্নে কঠোর অবস্থান ছেড়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলই এখন নমনীয় অবস্থানে। ইতিবাচক সাড়া পেলে দ্রুত সরকারের তরফ থেকে ‘শর্তহীন’ সংলাপে বসার আহ্বান জানিয়ে লিখিতভাবে শিগগিরই বিএনপিকে আনুষ্ঠানিক পত্র দেওয়া হতে পারে বলে সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারসহ দেশে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের জন্য প্রধান দুই দলের ওপর দেশি-বিদেশি চাপ বাড়ছে। তারা সংঘাতের পথ ছেড়ে আলোচনায় বসে ‘আগামী নির্বাচন কোন পদ্ধতি’তে হবে, এ ব্যাপারে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার জন্য দু’দলের হাইকমান্ডসহ নীতিনির্ধারক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশিল সমাজসহ বিভিন্ন পর্যায়ে দফায় দফায় বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। গতকাল এসব বৈঠক শেষে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে তিনি সব রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়ে বলেন, সময় চলে যাচ্ছে। এখনই সব রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অহিংস নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পরই বিএনপিকে ‘শর্তহীন’ সংলাপে বসার আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব দেয়া হতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ প্রস্তাব দেবেন বলে সূত্র জানিয়েছে। সূত্র জানায়, বিএনপি সংলাপ প্রশ্নে কঠোর অবস্থান থেকে সরে আসছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সংলাপ প্রস্তাব বিরোধী দলের নেত্রী প্রত্যাখ্যান করলেও এখন তিনিও সংলাপ চান। গত ৫ মে হেফাজতে ইসলামের সহিংস তাণ্ডব সরকার সফলভাবে মোকাবেলার পর বিএনপি নেতারা বুঝতে পেরেছেন আন্দোলন করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। বরং সংলাপে বসে সরকারকে চাপে ফেলে যতটুকু দাবি আদায় করা যায় ততই মঙ্গল। হার্ডলাইনের পরিবর্তে বিএনপির সংলাপ প্রশ্নে ইতিবাচক অবস্থান স্পষ্ট হয় বাংলাদেশে সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো’র সঙ্গে গতকাল বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার দ্বিতীয় দফা বৈঠকে। বৈঠকে তারানকোকে খালেদা জিয়া তার দলের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, ‘সংলাপ প্রশ্নে কথাবার্তা চলছে, আরো চলবে। আশা করি এ থেকে গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, সংলাপ প্রশ্নে বিএনপি ইতিবাচক সাড়া দিলেও তারা চায় সরকার থেকে আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব। কোথায়, কখন এবং আলোচনার এজেন্ডা কী তা স্পষ্ট করে সরকার লিখিতভাবে সংলাপের প্রস্তাব দিলে বিএনপি তা গ্রহণ করবে এবং সংলাপে বসবে। এমনটা হলে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনপ্রর্বতনের’ দাবি থেকে সরে আসবে তারা। তবে দলীয় সরকারের অধীনে কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই পদে বহাল রেখে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে বিএনপির অনড় অবস্থানের কথাও কূটনৈতিক মহলে জানিয়ে দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ প্রথম থেকেই ইতিবাচক সংলাপের কথা বলে আসছে। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ‘শর্তহীন’ আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। কূটনীতিকদের প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের সময় বেঁধে দেওয়া ও সহিংস কার্যক্রম সত্ত্বেও তার আলোচনার প্রস্তাব এখনো অব্যাহত আছে। আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সরকারি তরফে বলা হয়েছে, বিরোধী দল সংলাপের ব্যাপারে ইতিবাচক সাড়া দিলে সঙ্গে সঙ্গেই তাদের সংলাপে বসার লিখিত প্রস্তাব দেয়া হবে। জানা গেছে, আওয়ামী লীগ সংবিধানের আওতায় নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সমাধান চায়। ‘সংবিধানে যেভাবে নির্দেশিত আছে সেভাবেই আগামী নির্বাচন হবে’ এমন কঠোর অবস্থান থেকে সরে আসলেও সরকার পক্ষ বলছে সঙ্কট সমাধানের ক্ষেত্রে সবকিছুই গ্রহণযোগ্য ও সংবিধানের কাঠামোর মধ্যে হতে হবে। সরকার চায়, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই গঠিত হোক অন্তর্বর্তীকালীন সরকার। বিরোধী দল চাইলে এ অন্তর্বর্তী সরকারে অংশ নিতে পারে। সেক্ষেত্রে সমান প্রতিনিধি দিতেও আপত্তি নেই আওয়ামী লীগের।