সিদ্ধান্ত পাল্টেছে বিজিএমইএ

শুধু গোলযোগপূর্ণ গার্মেন্টসগুলো অনির্দিষ্টকাল বন্ধ

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৫৮
শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখিয়ে আজ মঙ্গলবার থেকে আশুলিয়ার সব গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের বন্ধের ঘোষণা দিয়েছিল বিজিএমইএ। পরে এ সিদ্ধান্ত পরিবর্তন করে শুধু গোলযোগপূর্ণ পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকাল বন্ধ রাখার কথা বলেছে তৈরি পোশাক মালিকদের এ সংগঠনটি। গতকাল সোমবার সকালে ওই শিল্পাঞ্চলে বিক্ষোভের পর বিজিএমইএ বিকালে এক সংবাদ সম্মেলনে সব কারখানা বন্ধের ঘোষণা দেয়। সংগঠনের এ সিদ্ধান্তে শিল্প মালিকদের মধ্যে অসন্তোষ দেখার পরিপ্রেক্ষিতে রাতে বিজিএমইএ মহাসচিব এহসান উল ফাত্তাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোশাক শিল্পের উদ্ভূত শ্রম পরিস্থিতির প্রেক্ষাপটে মঙ্গলবার থেকে আশুলিয়া এলাকার গোলযোগপূর্ণ পোশাক শিল্প কারখানাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গার্মেন্টস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাভারের অন্য এলাকাসহ দেশের যেকোন স্থানে এ ধরনের অস্থির পরিবেশ দেখা দিলে সেখানেও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধ থাকার জন্য শ্রমিকদের কোন মজুরি দেয়া হবে না। বৈঠক শেষে বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গতকাল ইত্তেফাককে বলেন, সব কমপ্লায়েন্স কারখানা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শ্রমিকরা কারখানায় ঢুকে কার্ড পাঞ্চ করে (হাজিরা খাতায় নাম উঠিয়ে) বাইরে এসে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। এইভাবে দিনের পর দিন চলতে পারে না। এর রেশ এসে মিরপুর এমনকি তেজগাঁওয়ের কিছু কারখানায় শুরু হয়েছে। মিরপুরের কমপ্লায়েন্স সম্পন্ন (কর্ম পরিবেশ) একটি কারখানার মালিক ওয়াসিম রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়। এ পরিস্থিতিতে কারখানাসহ সার্বিক নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রসঙ্গত, আশুলিয়া এলাকায় প্রায় ৩০০ গার্মেন্টস কারখানা রয়েছে। দেশের মোট রপ্তানি পোশাকের প্রায় ২৫ শতাংশ এককভাবে এই এলাকার কারখানা থেকে রপ্তানি হয়। এদিকে মাত্র একদিন আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর লক্ষ্যে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয়া হয় সরকারের তরফ থেকে। চলতি মাস থেকে এই মজুরি কাঠামো কার্যকর হবে বলে জাানিয়েছিলেন শ্রমমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সমপ্রতি আশুলিয়ার রানা প্লাজা ধসে এ যাবত্কালের সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর পর থেকে বিভিন্ন দাবিতে প্রায়ই তারা আন্দোলন করে আসছিল। এর আগে আশুলিয়া এলাকার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও কারখানায় নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে ওই এলাকায় বিক্ষোভ চালিয়ে আসছিল। গতকালও বিক্ষোভের কারণে শতাধিক কারখানা বন্ধ রাখা হয়। গত শনিবার হা-মীম গ্রুপের পোশাক কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। পারুল নামে ওই শ্রমিকের ঝুলন্ত লাশ কারখানার টয়লেট থেকে উদ্ধার করা হয়। শ্রমিকদের দাবি, তাকে হত্যার পর ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়া-বাইপাইল সড়ক অবরোধ করে এবং কারখানায় ভাংচুরসহ গাড়িতে আগুন দেয়। আশুলিয়া ও সাভারের কারখানার সাথে গতকাল সোমবার যুক্ত হয় মিরপুর এলাকার বেশকিছু পোশাক কারখানা।