সাভারের রানা প্লাজায় হতাহতদের সহায়তায় তহবিল গঠন করবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এবিএফআই)। গতকাল সোমবার বিকালে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের সহায়তার জন্য সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের আওতায় দীর্ঘ ও স্বল্প মেয়াদী কী ধরনের সাহায্য করা যায় সেসব নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সবাই হতাহতদের সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে এ ফান্ডে কি পরিমাণ অর্থ দেয়া হবে সে বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে। পরে যে সিদ্ধান্ত হয় তা আগামী ২৫ মের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাবে এনবিএফআইগুলো।
এদিকে ব্যাংকগুলোর পক্ষ থেকে একটি নির্দিষ্ট অংকের সহায়তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আজ মঙ্গলবার সকালে পৌঁছে দেবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
