কোকিলের মা কাক

আপডেট : ১৪ মে ২০১৩, ১৭:৪১
সদস্য নম্বর: ৩০৩০ আমি আর ভাইয়া কোকিলের ডাক পছন্দ করি। শুনে নানা হেসে বললেন, ‘বসন্তকাল আসলে কোকিল ডাকবে, ধৈর্য ধর।’ ভাইয়া বলল, ‘দেশে কি কোকিল নেই? ঘরে এক জোড়া আনো। আমরা খেলব আর কুহুকুহু ডাক শুনব। কোকিল শুধু বসন্তের হবে কেন?’ নানা বললেন, ‘বুঝেছি, কোকিল হবে সব সময়ের বন্ধু। তোমাদের কোকিল না দিলেই হবে না।’ নানা ভীষণ পরিশ্রম করে এনে দিলেন একজোড়া কোকিলছানা। সে এক-দেড় বছর আগে। কোকিল পেয়ে আমরা মহা খুশি। প্রতিযোগিতা করে কোকিলের সেবাযত্ন করি, ডাক শুনি। নানা বলেছিল কিছুদিন অপেক্ষার পর এরা ডিম দেবে, বাচ্চা হবে। তোমরা আরো কিছু কোকিল পাবে। একদিন তারই অপেক্ষায় আমরা। বড় বাঁশের ঘরটায় তুলা ও খড় দেয়া, পাশে বাটিভর্তি চাল। কিন্তু খাবারে মুখ দিচ্ছে না কোকিল দুটো। খালি ছটফট করছে। মেয়ে কোকিলটা আগের চেয়ে মোটাতাজা হয়ে গেছে, তেল চকচক করছে পালকে। চোখ দুটো আরো বেশি লাল, জ্বলজ্বল করছে। খুব সুন্দর লাগছে, আমরা বারবার তাকাচ্ছি। আমি আর ভাইয়া কোকিলের এ অবস্থা দেখে অবাক। হঠাত্ নানা এসে বললেন, ‘কী হল, এত ছটফটাচ্ছে কেন ওরা?’ ভাইয়া বলল, ‘জানি না। দেখেন, খাবার ভর্তি বাটি, ঠোঁটও লাগাচ্ছে না।’ নানা একটু ভেবে বললেন, ‘এখন কী মাস?’ আমি বললাম, ‘জুন মাস।’ নানা বললেন, ‘কোকিলগুলোকে ছেড়ে দাও।’ অবাক হয়ে আমি বললাম, ‘ছেড়ে দেব?’ নানা বললেন, ‘হ্যাঁ, ছেড়ে দেবে।’ আমি নানাকে জিজ্ঞেস করলাম, ‘কেন?’ নানা বললেন, ‘কোকিলের ডিম পাড়ার সময় এপ্রিল থেকে আগস্ট মাস, এখন জুন। ছেড়ে দিলে মেয়ে কোকিলটি কাকের বাসায় গিয়ে ডিম পেড়ে আসবে।’ ভাইয়া বলল, ‘ডিম পাড়ার জন্য কাকের বাসায় যেতে হবে কেন? নিচে তুলা-খড় বিছানো আছে, ওখানেই ডিম পাড়া যায়।’ হেসে ফেললেন নানা। ‘আচ্ছা তোমরা জানো না, কোকিল কখনো নিজে বাসা বানায় না, শুধু ঠোঁট মালকোয়া ও মেটে মালকোয়া নামে দুটো প্রজাতি বাদে।’ আমি বললাম, ‘তাহলে শুধু মেয়ে কোকিলটি ছেড়ে দিলেই তো হয়।’ ‘শোনো, ছেলে কোকিলটি কাকের বাসার আশপাশে ঘোরাঘুরি করে কাককে বিরক্ত করবে। কাক যখন কোকিলকে তাড়া করবে, তখন মেয়ে কোকিল কাকের বাসায় ডিম পাড়বে। কাক যাতে না বোঝে সেজন্য কাকের কয়েকটি বা সব ডিম ফেলে দেয় মেয়ে কোকিল।’ নানার কথামত বিশাল খাঁচাটার দরজা খুলে দিতেই আস্তে আস্তে উড়তে লাগল ওরা। ওদের পেছনে আমরাও দৌড় দিলাম। দেখি, বাড়ির পেছনে বাঁশঝাড়ের ওপর একটি কাকের বাসায় বসল ওরা। আমাদের ভয় হচ্ছিল, ডিম পেড়ে ওরা যদি আর না ফেরে। নানা বলেছিলেন, ওদের সত্যি সত্যি ভালবাসলেই ফিরে আসবে ওরা। যা হোক, বাসায় কাক না থাকায় নির্বিঘ্নে ডিম পাড়ল। ছেলে কোকিল ডানা দিয়ে কিছু ডিম নিচে ফেলে ভাঙল। কাক এসে যাতে না বোঝে, তাই ভাইয়া ভাঙা ডিমগুলো মাটি চাপা দিয়ে দিল। আবারও কোকিলের পেছনে দৌড়ে দৌড়ে বাসায় গেলাম আমরা। আর অপেক্ষা করতে থাকলাম নতুন কোকিলের জন্য। কোকিলের অপেক্ষায় প্রতিদিন বাঁশঝাড়ের নিচে এসে ছানার ডাক শোনার চেষ্টা করি। মা কাক দূর থেকে খাবার এনে ছানাদের ঠোঁটে রেখে খাওয়াতেই তারা ডাকে মিহি কুহুকুহু স্বরে। দিনের পর দিন কষ্ট করে তা দিয়ে বাচ্চা ফোটানো মা কাক টের পেল, এ যে কোকিলের ছানা। নিজের ওপর নিজেই রেগে পা দিয়ে খামচিয়ে, ঠোঁট দিয়ে গুঁতিয়ে বাচ্চা নিচে ফেলে দিল কাক। আমি আর ভাইয়া স্কুল থেকে ফেরার পথে একটু একটু উড়তে শেখা কোকিলছানা পেয়ে খুশিতে দৌড়াতে থাকি। ব্যস্ত হয়ে পড়ি আরো একটি খাঁচা জোগাড়ের কাজে। ষষ্ঠ শ্রেণী স্ট্যামফোর্ড স্কুল এন্ড কলেজ, ৯/এ ধানমন্ডি, ঢাকা।