সুকান্ত ভট্টাচার্য

আপডেট : ১৪ মে ২০১৩, ১৭:৪২
আমাদের অনেকের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য। তিনি ১৩৩৩ বঙ্গাব্দে ৩০ শ্রাবণ কলকাতায় নানাবাড়ি মহিম হালদার স্ট্রিটে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নিবারণ ভট্টাচার্য ও মায়ের নাম সুনীতি দেবী। সাম্যবাদী কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস ছিলো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার উনশিয়া গ্রামে। ইতিহাস-ঐতিহ্যবাহী উনশিয়া গ্রামকে কেন্দ্র করেই সেকালে গড়ে উঠেছিলো রাজধানী। সেখান থেকে সাতচল্লিশের অনেক আগে সুকান্তের পূর্বপুরুষরা মাদারীপুর চলে যান। এরপর বেশ কয়েক বছর পরে তারা স্বপরিবারে কলকাতা চলে যান। সেখানেই সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়। সুকান্ত খুব ছোট্ট থাকতেই তাঁর মা সুনীতি দেবী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সুকান্তর নানা পণ্ডিত বংশের মানুষ হয়েও প্রাচীন সংস্কার থেকে মুক্ত ছিলেন। এমন একটি স্বাধীন পরিবেশে আত্মীয়-স্বজনদের আদর স্নেহে হেসে-খেলে কেটেছিলো সুকান্তের শৈশব-কৈশোরের মধুময় দিনগুলো। দুরন্ত শৈশব-কৈশোর থেকে সাহিত্যের প্রতি তাঁর প্রবল ঝোঁক পরিলক্ষিত হয়। মাত্র নয়-দশ বছর বয়সে ছড়া-কবিতা লিখে পরিবারে সবার কাছে কবি হিসাবে সুকান্তের সুনাম ছড়িয়ে পড়ে। লেখার সঙ্গে পাল্লা দিয়ে চলতো বিভিন্ন ধরনের মজার মজার বই পড়া। বই পড়ে জ্ঞান অর্জন করা তাঁর খুব ভালো লাগতো। ছেলেবেলা থেকেই সুকান্ত ছিলো অত্যন্ত নিভৃতচারী। স্কুলজীবনে সে বন্ধু হিসাবে পেয়েছিলো পরবর্তীকালের প্রখ্যাত কবি অরুণাচল বসুকে। সুকান্তের প্রিয় খেলা ছিল ব্যাডমিন্টন আর দাবা। সুকান্ত শহরের মানুষ হয়েও নীরব-নিঝুম পল্লীর আঁকা-বাঁকা মেঠোপথ, নদীর বুকে রঙিন পাল তোলা নাও, সবুজের সমারোহে সুশোভিত বৃক্ষরাজি, কিচির-মিচির গানে মুখরিত পাখ-পাখালি, ফুলের সুবাসমাখা সুবাতাস, দৃৃষ্টিনন্দিত নীলাকাশ, মাটি এবং মানুষের প্রতি তার গভীর ভালোবাসা ছিলো। পথ ও পথের মানুষ তাকে প্রচণ্ডভাবে কাছে টানতো। প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের ছড়া-কবিতা এবং সৃষ্টি সম্ভার কখনই তাঁর জীবন থেকে আলাদা নয়। ১৯৭১ মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনে তার কবিতা বীর বাঙালিদের মনে সাহস ও শক্তি যুগিয়েছে। তাঁর ‘ছাড়পত্র’ কবিতাটি ছোট বড় সবার কাছে সমাদৃত। ভারত ও বাংলাদেশের সাহিত্যপ্রিয় পাঠকের কাছে একটি প্রিয় নাম সুকান্ত ভট্টাচার্য। মাত্র একুশ বছর বয়সে তিনি লিখে গেছেন অনেক কালজয়ী ছড়া-কবিতা। যা বাংলাসাহিত্য ভান্ডারকে আরো অনেক সমৃদ্ধ করেছে। ১৩৫৪ বঙ্গাব্দে ২৯ বৈশাখ মাত্র একুশ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে যাদবপুর টি.বি. হাসপাতালে সবার প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য অকাল মৃত্যুবরণ করেন। পরিপূর্ণ বিকশিত হওয়ার আগেই আমরা এই অসাধারণ প্রতিভাকে হারিয়েছি। সুকান্তর মৃত্যুর পর শ্রীযুক্ত জগদীশ ভট্টাচার্য লিখেছিলেন ‘... যে কবির বাণী শোনাবার জন্য কবিগুরু কান পেতে ছিলেন সুকান্ত সেই কবি। সৌখিন মজদুরি নয়, কৃষাণের জীবনের যে ছিল সত্যকার শরিক। কর্মে ও কথায় তাদেরই সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল তাঁর, মাটির রসে ঋদ্ধ তাঁর দেহমন। মাটির বুক থেকে সে উঠে এসেছিল। তাঁর উল্লেখযোগ্য বইগুলো হলো: ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, পূর্বাভাস’, মিঠেকড়া, ‘অভিযান’ ও ‘হরতাল’। এছাড়াও পরবর্তীকালে তাঁর হস্তাক্ষরের পাণ্ডুলিপি বই আকারে প্রকাশিত হয়েছে। আরো প্রকাশিত হয়েছে বিভিন্নজনকে লেখা তার ‘পত্রগুচ্ছ’। আমরা তাকে বিনম্র শ্রদ্ধা জানাই।