বাবার হাত ধরেই লেখালেখির শুরু। বাবা তুষ্টচরণ বাগচী কবিতা লিখতেন। তিনি কবি জসীমউদ্দীনকে আদর্শ মানতেন। সেকালে আমার ধারণা ছিল, কবিরা বুঝি আর জন্মাবেন না। অর্থাত্ রবীন্দ্র-নজরুল-সুকান্ত-জসীম বুঝি একবারই জন্মে। এঁদের মতো কবি-সাহিত্যক বুঝি আর নতুন কওে আসবেন না। বাবা আমাকে বলতেন, ‘আরে, তাঁরা গেছেন, আবার নতুন কবি আসবেন! এই জসীম-সুকান্ত-সুনীল তো আমাদের ফরিদপুরেরই সন্তান। তাঁরা কবি হতে পারলে, তুমিও হতে পারবে!’ এই কথা ক’টিই আমাকে লেখালেখির জগতে নিয়ে আসে। আমি সেদিনই জসীমউদ্দীনের একটা কবিতা নকল করে লিখে বাবাকে দেখাই। তখন সপ্তম শ্রেণীতে পড়ি। বাবা বললেন, ‘কবিতাটি ভাল হয়েছে। তবে জসীমের মতো নয়, নিজের মতো করে লেখ’। সেই থেকে নিজের মতো করে লিখতে চেষ্টা করছি। ভাল লিখছি না মন্দ লিখছি, তা জানি না। তবে নিজের মতো করে লিখছি। অই নকল কবিতাটিই হচ্ছে আমার প্রথম রচিত কবিতা। আর তার পাঠক একমাত্র আমার বাবা।
তারপর মাদারীপুর মহকুমার কদমবাড়ী হাইস্কুলে পড়ার সময়ে ‘কিশলয়’ নামের একটা দেয়ালপত্রিকা প্রকাশ করি। সেই দেয়ালপত্রিকায় আমার বেশ কয়েকটি কবিতা প্রকাশিত হয়। কিন্তু সেগুলো আর সংরক্ষণ করি নি। আমার প্রিয় শিক্ষক অনিলকৃষ্ণ দত্তকে দিয়ে সেই পত্রিকায় কবিতা লিখিয়েছিলাম। অনিলকৃষ্ণ দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ও বিএড। সহকারী শিক্ষক হিসেবে আমরা তাঁকে পাই। তিনি এখন অই স্কুলের প্রধান শিক্ষক। যতদূর মনে পড়ে রূপচাঁদ কীর্ত্তনীয়া, রমেশচন্দ্র গাইন, প্রভাসচন্দ্র গায়েন, স্বপনকুমার কীর্ত্তনীয়া এবং রসময় কীর্ত্তনীয়ার কবিতাও অই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। স্বপনকুমার কীর্ত্তনীয়া খুবই ভাল লিখতেন। তিনি এলাকায় ‘কবিভাই’ বলেই পরিচিত। আমার কবিতা লেখার পেছনে কবি স্বপনকুমার কীর্ত্তনীয়ার নেপথ্য প্রেরণা ছিল। অকালপ্রয়াত এই কবিকে আমি এখনও স্মরণ করি পরম শ্রদ্ধায়। রূপচাঁদ কীর্ত্তনীয়া আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনিও প্রয়াত। অন্যরা আর কবিতা লেখেননি।
স্কুলে ভালো রেজাল্ট করে ভর্তি হই ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে।
আমার কবি হওয়ার বাসনা ফরিদপুরে থেকেই তীব্র হয়ে ওঠে। আমার ফরিদপুরবাসের সময়ে আলাওল পুরস্কার নিতে আসেন কবি মুহম্মদ নূরুল হুদা। তাঁর ‘শুক্লা শকুন্তলা’ কাব্যের জন্য অই পুরস্কার লাভ করেন। জাতীয় পর্যায়ের কোনো কবির সঙ্গে সরাসরি আলাপ এই অনুষ্ঠানেই। ফরিদপুরবাসের কালেই অই পুরস্কারসূত্রেই কবি মোহাম্মদ রফিকের সঙ্গে পরিচয় হয়। তাঁর ‘কীর্তিনাশা’ সেবার পুরস্কৃত হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীও ছিলেন বিশেষ অতিথি। তাঁর সঙ্গেও পরিচয় হয় ফরিদপুরেই। আর ফরিদপুরের কবিদের মধ্যে তখন আনম আবদুস সোবহান, এনায়েত হোসেন, আবদুল লতিফ ভুঁইয়া, আবদুস সাত্তার গুমানী, ফকির নিজামউদ্দিন, আনোয়ার করিম, বাবু ফরিদী, আবু জাফর দিলু, পাশা খন্দকার, আবুবকর সিদ্দিক, সেলিম আলফাজ, শহীদুল্লাহ সিরাজী, কচি রেজা, কমলেশ রায়, মামুনুর রহমান মামুন প্রমুখ ছিলেন প্রথম সারির। এঁদের সকলের সান্নিধ্যলাভ ও প্রেরণায় আমি কবির জীবন অবলম্বন করতে উদ্বুদ্ধ হই।
উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এর পরেও আমার লেখক জীবন বিস্তৃত হয়েছে। গবেষণা করেছি প্রফেসর আবুল আহসান চৌধুরীর প্রেরণায়। প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি প্রেরণা পেয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান, শামসুজ্জামান খান, আবদুল্লাহ আবু সায়ীদ, সুকুমার বিশ্বাস, মাহবুবুল হক, স্বরোচিষ সরকার, অপরেশ বন্দ্যোপাধ্যায় প্রমুখের কাছ থেকে। ছড়া লেখার ক্ষেত্রে যাঁদের পরোক্ষ প্রেরণা আমাকে শক্তি যুগিয়েছে, তাঁদের মেধ্য আখতার হুসেন, সুকুমার বড়ুয়া, খালেক বিন জয়েনউদদীন, লুত্ফর রহমান রিটন, ফারুক নওয়াজ, সুজন বড়ুয়া, আমীরুল ইসলাম, আহমাদ মাযহার প্রমুখের নাম এখন মনে পড়ছে। কবিতা লেখার নেপথ্য প্রেরণা কবি শামসুর রাহমান, মহাদেব সাহা, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মোহাম্মদ রফিক, মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহা, আবিদ আনোয়ার, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
আমার ছোটদেও জন্য প্রথম বই ‘শুভর শখের গোয়েন্দাগিরি’। পরের বছর ছড়ার বই বের হয়, ‘রুখে দাঁড়াই বর্গী তাড়াই’। তারপর প্রকাশকের অনুরোধে লিখে ‘ছোটদের শেক্সপিয়ার’, ‘ছোটদের মধুসূদন’, ‘ছোটদের ওসমানী’, ‘ছোটদের টিপু সুলতান’। তারপর ছড়ার বই ‘চরকাবুড়ি ওড়ায় ঘুড়ি’, ‘স্বপ্নেবোনা তূণীরসোনা’, ‘খাচ্ছে ছুটি লুটোপুটি’, ‘সমকালে তমকালে’, ‘সকালবেলা স্মৃতির বেলা’ বেরিয়েছে। ছোটদের জন্য লেখা বইগুলো আমার প্রিয়।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে প্রবন্ধ লিখে পেয়েছিলাম ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার’। পরে ছড়া সাহিত্যের জন্য পাই ‘এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার’। এরপর পাই জেমকন সাহিত্য পুরস্কার, মহাদিগন্ত সাহিত্য পুরস্কার, মধুসূদন পদক, অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক, কবি বাবু ফরিদী সাহিত্য পুরস্কার, সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পুরস্কার, জসীমউদ্দীন গবেষণা পুরস্কার প্রভৃতি। তারপরও মনে করি লেখালেখির বড় পুরস্কার হলো পাঠকের ভালবাসা। সেই ভালবাসা পাওয়ার জন্য আজীবন লিখে যেতে চাই। ছোটরাই একদিন বড় হয়। তাই বড়দের লেখার পাশাপাশি ছোটদের জন্য লেখার জন্য বেশি সময় দিতে চাই। ছোটদের ভালবাসা পেলেই জীবন ধন্য মনে করব।
