শাহজালাল প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়

আরো সাফল্য পেতে প্রশিক্ষণ

আপডেট : ১৪ মে ২০১৩, ১৭:৫১
একজন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। প্রশিক্ষণ কাজে অনুপ্রেরণা যোগায়। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের শিল্প প্রশিক্ষণের জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) পরিচালিত টিআইসিআই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল প্রডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ২য় সেমিস্টারের ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজে (টিআইসিআই) এক মাসের প্রশিক্ষণের জন্য অবস্থান করে। চতুর্থ বর্ষের ২য় সেমিস্টারের অন্তর্ভুক্ত ইন্ড্রাস্ট্রিয়াল টেকনোলজি অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটি সম্পন্ন করার উদ্দেশ্যে ২২ মার্চ-১৮ এপ্রিল মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষ করে। প্রতিষ্ঠানে রয়েছে বিভিন্ন শিল্পক্ষেত্রে অভিজ্ঞ প্রশিক্ষকগণ, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবেশে ক্ষেত্র অনুযায়ী স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন রকমের প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে। যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতার (জেআইটি) শিক্ষাও দেয়া হয়। প্রতিদিন ঠিক সময়ে নির্দিষ্ট ক্লাসে উপস্থিত ও পরীক্ষা হয়ে থাকে যাকে জাস্ট ইন টাইম (জেআইটি) দর্শন অনুসরণ করা হয়। প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি শিল্প এলাকায় অবস্থিত হওয়ায় বিভিন্ন শিল্প-কারখানায় সংশ্লিষ্ট উত্পাদন প্রক্রিয়া স্বচক্ষে পরিদর্শন করে অভিজ্ঞতা লাভের সুযোগ পাওয়া যায়। যা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ (রসায়ন, আইপিই, পিএমই) টিআইসিআই-এর বিভিন্নরকম নিয়মিতভাবে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ নিয়ে থাকে। টিআইসিআই-এর যন্ত্রকৌশল বিভাগই মূলত আইপিই ছাত্রদের জন্য প্রশিক্ষণ কার্য পরিচালনা করে। আইপিই বিভাগের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলি ও এমইডি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট) বিভাগের যৌথ সমন্বয়ে সিলেবাস প্রণয়ন করা হয়। এখানে শিল্পক্ষেত্রে যথাযথ উত্পাদনশীলতা ও মান নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন রকম খুঁটিনাটি তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস নেয়া হয়। শিল্পক্ষেত্রে পরিবেশ দূষণ অন্যতম একটি প্রধান সমস্যা। এ সমস্যার সমাধান অর্থাত্ দূষণ হ্রাসকরণে একজন প্রকৌশলীর ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত। যন্ত্রকৌশল প্রশিক্ষণে নানা সমস্যা নিয়ে গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ নেয়া অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছে তাদের অনুভূতির কথা। মাসব্যাপী প্রশিক্ষণের খুঁটিনাটি বিষয়গুলো আগামী দিনে স্মরণীয় হয়ে থাকবে। স্মৃতির পাতায় থাকবে প্রশিক্ষণকালীন সময়ের নানা খণ্ডচিত্র। প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ করবে। শিল্পক্ষেত্রে ঘটবে বৈপ্লবিক উন্নতি। যা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এমনটি বিশ্বাস করেন এ বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল প্রডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন প্রকৌশলীরা।