প্রথাগত বিদ্যাকে স্বরূপ দান করতে বাস্তব অনুশীলনের বিকল্প নেই। পাঠ্যপুস্তকের জ্ঞান আর বাস্তব অনুশীলনের মেলবন্ধনে অর্জিত জ্ঞান স্বার্থক হয়ে উঠে। আর তাই শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞানের বহি:প্রকাশ ঘটাতে দেশের প্রথম আইন বিষয়ে পরিপূর্ণ সম্মান ডিগ্রীর প্রবর্তনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব অনুশীলন তথা সরাসরি জ্ঞান অর্জনের ব্যবস্থা।
এ জন্য বিভাগটির চতুর্থ বর্ষে রয়েছে ‘প্রফেশনাল ইথিক্স, ট্রায়াল এডভোকেসি এন্ড মুট কোর্ট ও কোর্ট এ্যাটেন্ডডেন্স’ নামে ১০০ নম্বরের একটি স্বতন্ত্র একাডেমিক কোর্স। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পেশাগত আচরণবিধি, মুট কোর্ট নামক কৃত্রিম আদালতে উপস্থাপন এবং বাস্তব আদালতে উপস্থিতির মাধ্যমে জ্ঞান অর্জনের মত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য রয়েছে সপ্তাহে একদিন সরাসরি নিকটস্থ আদালতে গিয়ে আদালত কক্ষে বিচার চলাকালীন সব কিছু পর্যবেক্ষণ করে তা থেকে শিক্ষা নেয়ার ব্যবস্থা। এ কাজে শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে বিভক্ত করে একজন গ্রুপ নেতা বানিয়ে এক একটি আদালত কক্ষে পাঠানো হয়। এ কাজে সাহায্য করেন সংশ্লিষ্ট আদালতের বিচারক ও বিজ্ঞ আইনজীবীরা।
এমনই একটি গ্রুপের সদস্য ছিলেন খাদিজা, অনু, জলি, নাহিদ, ফয়সাল, হাসান, মুহতাদী, রাব্বানী ও সাব্বির রাজশাহীর আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন গত ২৪ মার্চ। কথা হয় গ্রুপটির সদস্যদের সাথে। গ্রুপের সদস্য খাদিজা অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এ ধরনের প্রায়োগিক শিক্ষা যে শুধু বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক তা নয় বরং তা শিক্ষার্থীদের আগে থেকেই নিজেদের যোগ্যতা যাচাই করার সুযোগ করে দেয়। এর ফলে শিক্ষার্থীদের ভিতরে যে স্বাভাবিক দুর্বলতা ও ভীতি থাকে তা সহজে দূর হয়ে যায় বলে অভিমত অনু ও জলির।
আদালতে কক্ষে উপস্থিত থেকে বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারায় আমরা আমাদের দোষ-ক্রুটি ধরতে পারার পাশাপাশি কি, কখন ও কীভাবে উপস্থাপন করতে হয় সে সব নিয়ম-কানুন সহজে বোধগম্য করতে পারছি বলে জানালেন অন্য একটি গ্রুপের নেতা ইসমত আরা তুশি।
বিভাগে মুট কোর্ট নামক কৃত্রিম আদালতে প্রকৃত আদালতের ন্যায় পরিবেশ সৃষ্টির জন্য বিচারক হিসেবে থাকেন একজন অভিজ্ঞ শিক্ষক অথবা কোন আইন বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট কোর্স শিক্ষক। এক্ষেত্রেও শিক্ষার্থীদের কয়েকটি ভাগে ভাগ করে এক একটি গ্রুপকে অন্য গ্রুপের সাথে মামলা নিয়ে পাল্টাপাল্টি আইনি লড়াই করতে হয়। যেখানে পরিচয় পাওয়া যায় তাদের অর্জিত জ্ঞানের যথার্থতা।
একাজটি করতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা বলার জড়তা কাটিয়ে উঠার পাশাপাশি নিজেদের সম্পর্কে আত্মবিশ্বাস ও স্পৃহা অনেক বেড়ে গেছে বলে জানান বিভিন্ন গ্রুপের সদস্য স্টেলা, রিয়া, রুনা, কবরী, আশা, সুইটি, তুহিন, তৌফিক, মুন্না, মোস্তফা, বিভু, বুশরা, পুনম ও সাঈদ শুভ।
