আমাদের ক্যাম্পাস

আপডেট : ১৪ মে ২০১৩, ১৭:৫৩
মোবাশ্বেরা জাহান \ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন পদুয়া একটি সমৃদ্ধ ইউনিয়ন। পদুয়া ইউনিয়ন লোহাগাড়া উপজেলার প্রবেশদ্বার। পদুয়ার পূর্বে রয়েছে বন-বনানী ঘেরা ছোট ছোট পাহাড়। হাঙ্গর খাল এ ইউনিয়নের মাটিকে করেছে উর্বর। যার তীরে ফলে রকমারী ফসল। পদুয়া ইউনিয়নকে বেষ্টিত করে আছে আমিরাবাদ, চরম্বা, মল্লিক ছোবহান এলাকা এই চার নামে ইংরেজীতে পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়েছে। পদুয়ার প্রাণ কেন্দ্র ইউনিয়ন পরিষদের পাশে, আরকান মহাসড়কের নিকট ঐতিহাসিক গুপ্ত দীঘির পাড়ে অত্যন্ত মনোরম পরিবেশে পদুয়া উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬৩ সালে পদুয়া ইউনিয়ন পরিষদের তত্কালীন চেয়ারম্যান মহত্প্রাণ ব্যক্তিত্ব বাবু কালীশংকর দাশের উদ্যোগে পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই দিনটি পদুুয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। যেহেতু এলাকায় কোন স্কুল ছিল না তাই এলাকার আপামর জনসাধারণ বাবু কালীশংকরের এ মহত্ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে বাবু কালীশংকর তার মেধা, শ্রম ও যথেষ্ট অর্থ ব্যয় করেন। যে সকল কর্মবীর স্কুল প্রতিষ্ঠায় বাবু কালীশংকরকে সহযোগিতা করেন; যাদের দান সহযোগিতা অগ্রগণ্য তাদের মধ্যে ছিলেন মরহুম হাজী সোলতান আহমদ, মরহুম লাল মিয়া সওঃ, মরহুম নজির আহমদ সওঃ, মরহুম মৌঃ মোস্তফিজুর রহমান এবং বর্তমানে জীবিত আছেন একমাত্র ব্যক্তিত্ব বাবু ডাঃ সাধন বিকাশ দাশ। করবী চৌধুরী ১০ম শ্রেণি, রোল নং-১ ১৯৬৩ সাল থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুনামের সঙ্গে আরো ভালো ফলাফলে অবদান রাখবে এটা আমার প্রত্যাশা। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানকে দেশের প্রথম সারির উচ্চ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। বিজয় আচার্য ৯ম শ্রেণি, রোল নং-১ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা খুবই জরুরি। আমি চাই আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা থাকুক। যার মাধ্যমে ইন্টারনেট সেবাগুলো পেতে সহজ হবে। আমার বিদ্যালয়টি ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আমি চাই বিদ্যালয়টি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাহমিনা সোলতানা ৮ম শ্রেণি, রোল নং-১ আমি আমার বিদ্যালয়টি সবদিক থেকে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। শিক্ষা, বিনোদন, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ সকল দিক থেকে সমভাবে কৃতিত্বের সঙ্গে এগিয়ে যাক এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরা অবদান রাখুক এটাই আমার প্রত্যাশা। আমি এই বিদ্যালয়টিকে লোহাগাড়াবাসীর অহংকার হিসেবে দেখতে চাই। আবদুল আউয়াল ৭ম শ্রেণি, রোল নং-১ ফলাফলের দিক থেকে আমাদের স্কুল সব সময় ভালো করে। আমরা বিদ্যালয়টিকে সব সময় ভালো ফলাফলের সেরা বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেই সাথে বিদ্যালয়ের সকল ধরনের সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর প্রভৃতি কর্মকাণ্ড দেখতে চাই। স্কুলের পরিবেশ ভালো দেখতে চাই সেই সাথে নিয়মিত বিতর্ক চর্চার দাবি জানাই। জাহাঙ্গীর আলম ৬ষ্ঠ শ্রেণি, রোল নং-১ আমি আমার বিদ্যালয়ে ক্যান্টিন, ফুলের বাগান, পাঠাগার ও বিজ্ঞানাগারের আরো উন্নয়ন চাই। এছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেই সাথে বিদ্যালয়টি এই অঞ্চলের সেরা স্কুল হিসেবে গড়ে উঠুক। যাতে করে আমরা আমাদের এই স্কুলকে নিয়ে গর্ব করতে পারি।