কোনো একটি শহর বা অন্য যেকোনো কাজের জন্য নেতৃত্ব দেওয়ার আদর্শ বয়স কত হতে পারে? এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর হয়তো নেই। তবে কোনো একটি জরিপে এই প্রশ্নটি করা হলেও সেখানে আর যাই হোক ৪ বছর বয়সী কোনো নেতার কথা কেউ বলবেন না। যদিও মানুষের কল্পনাকে হার মানানো এই ঘটনাটিই এবার বাস্তবে ঘটেছে। আর মজার এই ঘটনার ঘটনাস্থল হলো আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের ডরসেট শহর। ঠিক প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য এই মেয়র নির্বাচন না হলেও ডরসেট শহরের অধিবাসীরা প্রতি বছরই অনেকটা সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই তাদের একজন নেতা বা মেয়র নির্বাচন করেন। আর এই মেয়র নির্বাচনের কাজটিও হয় বেশ মজার উপায়ে। এজন্য একটি টুপিতে সম্ভাব্য বা শহরের কেউ চান এমন কিছু ব্যক্তির তালিকা রাখা হয়। তারপর টুপি থেকে না দেখে যার নাম ওঠে তিনিই পরবর্তী এক বছরের জন্য মেয়র হন। আর এ পদ্ধতিতেই এ বছর উঠে এসেছে চার বছর বয়সী শিশু ববি টাফসে্র নাম। কাজেই কেউ চান বা না চান, ডরসেটের অধিবাসীদেরকে অন্তত আগামী এক বছর তাদের প্রথাগত নেতৃত্বে মেনে নিতে হবে ববি নামের এই চার বছর বয়সীর সিদ্ধান্তই। এমনিতে মানুষকে ভালো-মন্দ নানা পরামর্শ দিয়ে সাহায্য করার কথা থাকলেও গান, নাচ, খেলা আর কথা বলতে ভালোবাসা ববি সেটি কীভাবে করবে তা এখন সত্যিই শহরের মানুষদের কাছে কৌতূহলের একটি বিষয়। তবে মানুষের ভালো-মন্দ বিবেচনার চাইতে ববির কাছে যে মাছ ধরা আর মাছের জন্য দারুণ সব টোপ খুঁজে বের করাই ঢের গুরুত্বপূর্ণ সেটি ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ববি টাফস নামের এই শিশুটি। তবে এ নিয়ে ডরসেটের অধিবাসীরা যে খুব চিন্তিত তাও নয়। বরং এমন মজাদার এক মেয়রকে আগামী এক বছরের জন্য পেয়ে তারা নিজেরাও বেশ খুশি।
