রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার শিকদার ক্লাসিক ডাইং এন্ড নিটিং প্রাইভেট লিমিটেড, বরপাস্থ অন্তিম ডাইং এন্ড ফিনিশিং লিমিটেড ও অন্তিম নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নোটিস প্রদান করেছেন তারাবো পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী। গত সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, তারাব পৌর মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী, পৌর প্রকৌশলী মোহাম্মদ শরীফ ও মোঃ মোজাহিদুল ইসলাম তুষার তিনটি গার্মেন্টসের ভবন পরিদর্শন করেন। এ সময় ভবনের বিভিন্ন স্থানে ফাটল থাকায় ঝুঁকিপূর্ণ কিনা তা বুয়েটের প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ জানান, তিনটি ভবনের একাধিক স্থানে বিম ও পিলারে ফাটল দেখা গেছে। পৌর মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী জানান, তিনটি গার্মেন্টসে প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করে। তাই ফাটল অংশ ও ভবন পরীক্ষা-নিরীক্ষা করেই উত্পাদন কার্যক্রম চালুর নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকেই গার্মেন্টস তিনটির উত্পাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
