রাজনৈতিক সমঝোতার সম্ভাবনায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। টানা পাঁচ দিন ধরে দেশের উভয় শেয়ারবাজারের সূচক বেড়েছে। প্রায় তিন মাস পর গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন চারশ’ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। বাজারের সামপ্রতিক গতি-প্রকৃতি সম্পর্কে আইডিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ইত্তেফাককে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘের একটি প্রতিনিধি দল এসেছে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের ইঙ্গিত দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। যার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তিনি আরও বলেন, বাজারের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের ইতিবাচক পদক্ষেপ অব্যাহত রাখা প্রয়োজন। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৮১ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮০ পয়েন্টে। প্রায় তিন মাস পর ডিএসইতে লেনদেনের গণ্ডি চারশ’ কোটি টাকা পেরিয়ে হয়েছে ৪২৩ কোটি ৭৭ লাখ ৮ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১২৮ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।
এদিকে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪৭৮তম সভায় আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত কোম্পানি তমিজুদ্দিন টেক্সটাইলের প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় ১ম বিএসআরএস মিউচুয়াল ফান্ডের ২০১৭ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন নাকচ করে দিয়েছে।
