সাভার ট্রাজেডির আহতদের সুচিকিত্সা এবং আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসনের জন্য বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার আওতায় বেসরকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর মাধ্যমে গতকাল প্রধানমন্ত্রীর নিকট বিভিন্ন বেসরকারি ব্যাংকের অনুদানের প্রায় ৮০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। এছাড়াও সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে পৃথকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এ. এম. এ. মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম. আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী, বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীবৃন্দ।
