পাকিস্তানে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ২ জুনের মধ্যে

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪৬
পাকিস্তানে নতুন নির্বাচিত সরকারের কাছে আগামী ২ জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের দুইজন মন্ত্রী সোমবার এ কথা বলেছেন। খবর সিনহুয়ার। তথ্যমন্ত্রী আরিফ নিজামি বলেন, নতুন নির্বাচিত সরকারের কাছে ২ জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। আর এটি দেশটির সংবিধান এবং আইন মোতাবেকই হবে। একই কথা বলেছেন,আইনমন্ত্রী আহমের বিলাল সুফি। তিনি বলেন, নির্বাচন কমিশন আগামী এক সপ্তাহ কিংবা ১০দিনের মধ্যে ফলাফল সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তি জারি করবে। সাংবিধানিক বিধিমালা অনুযায়ী জাতীয় পরিষদকে নির্বাচনের দিন থেকে ২১ দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরিষদের পরবর্তী অধিবেশনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন,নির্বাচনে ৬০ শতাংশ লোকের ভোট দেয়া একটা বিরাট ব্যাপার, ২০০৮ সালে যা ছিল ৪৪ ভাগের মতো। তিনি সন্তুষ্ট প্রকাশ করে বলেন , এবারের নির্বাচনে নারী এবং যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এদিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মির হাজার খান খোশো বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কোন রকম বিলম্ব ছাড়াই নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর দেশের গণতান্ত্রিক পদ্ধতিকেই শক্তিশালী করে। আর এটা সংবিধানে দেয়া সময় মোতাবেকই করা হবে।