মোশাররফের আটকাদেশের মেয়াদ বাড়ালো আদালত

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪৭
পাকিস্তানের সন্ত্রাস বিরোধী একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকান্ডে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের গৃহবন্দীত্বের মেয়াদ আরো ১৪ দিন বাড়িয়েছেন। এছাড়া মোশাররফের জামিন শুনানির দিনও ২০ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। খবর এএফপির। প্রসিকিউটর চৌধুরী আজহার বলেন, রাওয়ালপিন্ডির একটি আদালত মোশারফের গৃহবন্দীত্বের মেয়াদ ২৮ মে পর্যন্ত বাড়িয়েছেন। এদিন আদালতে ফের মামলার শুনানি হবে। তিনি বলেন, মোশাররফের আইনজীবী সালমান সফদার আজকের শুনানিতে অংশ নেননি। ২০০৭ সালে বেনজির ভুট্টো হত্যা ও ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনা তদন্তে রাষ্ট্র নিযুক্ত কর্মকর্তা চৌধুরী জুলফিকার আলী গত ৩ মে ইসলামাবাদের একটি আদালতে যাওয়ার পথে গুলিতে নিহত হওয়ার পর গতকাল মঙ্গলবার প্রথম শুনানি অনুষ্ঠিত হল। মোশাররফের বিরুদ্ধে পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। মোশাররফের তত্কালীন সরকার অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বেনজির হত্যার জন্য পাকিস্তানী তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদকে দায়ী করে। তবে বায়তুল্লাহ মেহসুদও এ দায় অস্বীকার করেন। তিনি ২০০৯ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।