দুর্যোগপরবর্তী মানসিক বিপর্যয় :প্রয়োজন মনোসামাজিক সহায়তা

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪৭
দুর্যোগ একটি সংকটময় অবস্থা। কখনো তা প্রাকৃতিক আবার কখনো মানুষের তৈরি। ঝঞ্ঝা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি যেমন প্রাকৃতিক, তেমনি যুদ্ধ, গণহত্যা, অগ্নিকাণ্ড ইত্যাদি মানবসৃষ্ট দুর্যোগ। সম্প্রতি সাভারে ঘটে যাওয়া ভবন ধস মানবসৃষ্ট একটি দুর্যোগ। দুর্যোগ ঘটে যাবার পর সুসংহত ব্যবস্থাপনার মাধ্যমে তার ক্ষয়ক্ষতিকে কমিয়ে আনা যায়। যে কোনো দুর্যোগের পর সর্বপ্রথম কাজ হয় আক্রান্তদের উদ্ধার, নিরাপত্তা, চিকিত্সা, খাদ্য ও সাময়িক আবাসন। পরবর্তী সময়ে দরকার হয় পুনর্বাসনের। এর পাশাপাশি মনে রাখা দরকার যে দুর্যোগকালীন তীব্র মানসিক চাপ, দুর্যোগের বীভত্সতা এবং আগামী দিনের অনিশ্চয়তার কারণে দুর্যোগ সংশ্লিষ্ট মানুষদের বেশিরভাগের মধ্যে ঘটে যায় মানসিক বিপর্যয়। জরুরি বিষয়টি হচ্ছে যে যারা কেবল সরাসরি দুর্যোগে আক্রান্ত তারাই নয় বরং এর সঙ্গে সংশ্লিষ্ট সকল পর্যায়ের মানুষের মধ্যে কমবেশি মানসিক বিপর্যয় দেখা দিতে পারে। গবেষকরা দুর্যোগের পর উদ্ধারপ্রাপ্তদের পাঁচটি ধাপে ভাগ করেছেন। প্রথম ধাপে রয়েছেন সেই ব্যক্তিরা যাঁরা সরাসরি দুর্যোগের মধ্যে পড়েছিলেন এবং পরে সুস্থ অবস্থায় বা আহত অবস্থায় বেঁচে গেছেন । দ্বিতীয় ধাপে আছেন দুর্যোগে নিহত বা আহত উদ্ধারপ্রাপ্তদের নিকটজনেরা। যাঁরা দুর্যোগের পর সরাসরি উদ্ধারকর্মে নিয়োজিত থাকেন যেমন দমকলকর্মী, স্বেচ্ছাসেবক তাঁরাও কিন্তু তৃতীয় ধাপের উদ্ধারপ্রাপ্ত হিসেবে বিবেচিত। চতুর্থ ধাপে রয়েছেন স্থানীয় প্রশাসক, চিকিত্সক, প্যারামেডিকস, সংবাদকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাঁরা উদ্ধারপ্রাপ্তদের নানারকম সেবায় নিয়োজিত ও দুর্যোগ সংশ্লিষ্ট বিষয়ে সেবা দিয়ে থাকেন। একেবারে শেষের বা পঞ্চম ধাপে আছেন— যাঁরা মোটামুটি নিরাপদ দূরত্বে থেকে দুর্যোগ প্রত্যক্ষ করেছেন বা টেলিভিশন বা সংবাদপত্রে দুর্যোগের চিত্র ও সংবাদ পাঠ করেছেন। অর্থাত্ দুর্যোগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সংশ্লিষ্ট যে কেউ মানসিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারেন। দুর্যোগ পরবর্তী মানসিক বিপর্যয়ের তীব্রতা নির্ভর করে দুর্যোগের স্থায়িত্ব, বীভত্সতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণের ওপর। এছাড়া আক্রান্ত ব্যক্তির পূর্বাপর মানসিক অবস্থা এবং উদ্ধার তত্পরতার গতি ও পুনর্বাসন প্রক্রিয়াও এর ওপর প্রভাব ফেলে। সাভারে রানা প্লাজা ভেঙে পড়তে অতি অল্প সময় লাগলেও প্রকৃতপক্ষে এই দুর্যোগের স্থায়ীত্বকাল অনেক বেশি। ভবন ধস- ভেতরে আটকে থাকা- আহত অবস্থায় হাসপাতালে থাকা- মৃতদেহের জন্য স্বজনদের অপেক্ষা-নিঁখোজ স্বজনের খোঁজ সবকিছুই দুর্যোগ সময়ের অন্তর্ভুক্ত। এই দীর্ঘ সময়ে উল্লিখিত পাঁচটি ধাপের প্রত্যেক সদস্যই কিন্তু তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। ভবন ধসের বাহাত্তুর ঘণ্টা পর যখন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোসামাজিক সহায়তা দলের সদস্য হিসেবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যাই তখন সকল ধাপের উদ্ধারপ্রাপ্তদের আমরা পেয়েছি যাঁদের মধ্যে কমবেশি মানসিক বিপর্যয় ঘটেছে। বাড়িতে টেলিভিশনে সরাসরি আটকে পড়া মানুষের উদ্ধারকাজ দেখতে দেখতে কেউ কেউ নিজের মধ্যে এমন দমবন্ধ করা ভাব অনুভব করেছেন যে টিভি বন্ধ করে ছিটকে ঘরের বাইরে চলে এসেছেন। এনাম মেডিকেলে ভর্তি বিশ বছরের একজন মেয়ে আছে যে রানা প্লাজার সাত তলায় কাজ করতো, যার তেমন কোনো শারীরিক আঘাত নেই কিন্তু সে ঐদিন থেকে আর কোনো কথা বলছে না। আরেকজন মেয়ে সে হাসপাতালের ওয়ার্ডের মাঝখানে থাকতে চায়— দেয়ালের পাশের বিছানায় থাকলে তার মনে হয় দেয়াল ভেঙে পড়বে। কেউ বা সামান্য ভাতের থালা রাখার শব্দে কানে হাত দিয়ে চমকে উঠছেন। আরেকজন নিজের হাত নিজে কামড়িয়েছেন। এমন অসংখ্য লক্ষণ আমরা প্রত্যক্ষ করেছি গত ক’দিনে। এদের সবারই মনোসামাজিক সহায়তা বা সাইকোলজিক্যাল ফার্স্টএইড প্রয়োজন। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্বউদ্যোগে বিভিন্ন বেসরকারি সংগঠন এই সহায়তা দিচ্ছে । দুর্যোগ ঘটে যাওয়ার পর থেকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিতে পারে তীব্র মানসিক চাপ (একিউট স্ট্রেস ডিসঅর্ডার), কনভার্সন ডিসঅর্ডার, সাময়িক উন্মাদনা (ব্রিফ সাইকোসিস), আতংক (প্যানিক ডিসঅর্ডার) , দুশ্চিন্তা, অস্বাভাবিক শোক, আচরণ, কথা বলার অস্বাভাবিকতা ইত্যাদি। দুই সপ্তাহ পর থেকে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে দেখা যায় আঘাত পরবর্তী মানসিক চাপ (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার), বিষণ্নতা, অপরাধবোধে ভোগা ইত্যাদি। যাদের মধ্যে আগে থেকেই মানসিক সমস্যা বা মাদকাসক্তির ইতিহাস ছিল তাদের সেই সমস্যাগুলো তীব্রতর হয়ে ওঠে। শিশু, বৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থদের মধ্যে মানসিক বিপর্যয় বেশি দেখা যায়। এই মানসিক বিপর্যয়ের সময় যথাযথ মনোসামাজিক সহায়তা ও সাইকোলজিকাল ফার্স্টএইড না পেলে পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা দেখা দিতে পারে। পশ্চিমা বিভিন্ন দেশের গবেষণায় দেখা গেছে যে প্রায় আশি শতাংশ দুর্যোগ সংশ্লিষ্ট মানুষের মধ্যে মানসিক বিপর্যয় দেখা দেয় এবং সময়মতো পদক্ষেপ না নিলে এর এক বিরাট অংশ মানসিক স্বাস্থ্য-ঝুঁকিতে থাকে। মনোসামাজিক সহায়তার উদ্দেশ্য হচ্ছে দুর্যোগের ধকল কাটিয়ে উঠে, শোক হতাশা ও অনিশ্চয়তাকে অতিক্রম করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা। দুর্যোগ-দুর্ঘটনাই জীবনের সবকিছু নয়— বরং এর বিপরীতে যে অসীম সম্ভাবনাময় জীবন রয়েছে সেটিই উদ্ধারপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া। এই সহায়তার মাধ্যমে দুর্যোগ পরবর্তী মানসিক বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ রাষ্ট্র। বিগত দশকে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বেশকিছু মানবসৃষ্ট দুর্যোগ বাংলাদেশ প্রত্যক্ষ করেছে । যার সর্বশেষ সংযোজন সাভারের রানা প্লাজার ভেঙে পড়া। দুর্যোগের পর মনোসামাজিক সহায়তা বিষয়টি আমাদের দেশে একবারে নতুন না হলেও এর ব্যাপ্তি খুব বেশি নয়। এই জরুরি বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হতে পারে। দুর্যোগ পরবর্তী এই মনোসামাজিক সহায়তা দেবার জন্য সবক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিশ্লেষক প্রয়োজন নেই। অল্প কয়েকদিনের প্রশিক্ষণ নিয়ে যে কোনো স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক এই সহায়তা দিতে পারেন। সামান্য কয়েকটি ক্ষেত্রে যখন কোনো ওষুধ দিতে হয় তখন মনোরোগ বিশেষজ্ঞের প্রয়োজন। বাংলাদেশে আগামী দিনে যে কোনো দুর্যোগ পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন সংক্রান্ত কর্মকৌশলে মানসিক বিপর্যয় প্রতিরোধের জন্য মনোসামাজিক সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে সন্নিবিশিত হওয়া প্রয়োজন। পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার মাধ্যমগুলোও পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। যে কোনো ধরনের দুর্যোগের পর নগদ অর্থ, খাদ্য , শারীরিক ক্ষতের চিকিত্সা ও দৈনন্দিন উপকরণের পাশাপাশি মানসিক বিপর্যয়ের শুশ্রূষাও বিবেচিত হোক অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে। ঢাকা