প্রাইভেট টিউশনি কোনো সুস্থ পদ্ধতি নয়

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪৭
প্রাইভেট টিউশনির কুফল সম্পর্কে আজ অনেক দেশই ওয়াকিবহাল। আমেরিকা অস্ট্রেলিয়ায় প্রাইভেট টিউশনির সংস্কৃতি কখনোই ছিল না। আর প্রতিবেশী দেশ ভারত বিগত কয়েক বছর আগে প্রাইভেট টিউশনি বন্ধে কঠোর আইন কার্যকর করেছে। আইন অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার বেতন বন্ধসহ নিয়োগ বাতিলের বিধান রয়েছে। প্রাইভেট টিউশনির কুফল উপলব্ধি করে আমাদের দেশেও অনুরূপ আইন সমপ্রতি করা হয়েছে। কিন্তু কার্যকরের অভাবে প্রাইভেট টিউশনি বন্ধে সেটা কোনো ভূমিকা রাখতে পারছে না। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষার বাইরে অতিরিক্ত শিক্ষা প্রদানের জন্য শিক্ষকের গৃহে বা অন্য কোনো স্থানে কিংবা শিক্ষার্থীর গৃহে শিক্ষকের মাধ্যমে বিশেষ পাঠদানই প্রাইভেট টিউশনি বা গৃহশিক্ষকতা। শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ শিক্ষা প্রদান করা হলে গৃহশিক্ষকের প্রয়োজনীয়তা থাকার কথা নয়। একদিন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির এক ছাত্রী আমাকে ইংরেজিতে একটি গল্প শোনানোর আগ্রহ দেখালে তাতে আমি সাড়া দেই। মেয়েটি সম্পূূর্ণ গল্পটা ইংরেজিতে সাবলীলভাবে নির্ভুল উচ্চারণে শুনিয়েছিল। ওই মেয়েটির বাবা ব্যবসা করেন এবং মা পেশায় আইনজীবী। পেশাগত কাজে ব্যস্ত থাকায় তাঁরা কেউই তাকে সময় দিতে পারেন না। তার বাড়িতে কোনো গৃহশিক্ষকও নেই বলে জানায়। বিদ্যালয়টির বিষয় শিক্ষকদের উপযুক্ত পাঠদানই ইংরেজির মতো অন্যান্য বিষয়েও তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে। শ্রেণির তামাম শিক্ষার্থীর মধ্যে মেধানুসারে তার অবস্থান উল্লেখযোগ্য। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, শিক্ষকগণ শ্রেণিতে ঠিকমতো পাঠদান করলে উপযুক্ত শিক্ষা শ্রেণি থেকেই অর্জন করা সম্ভব। কোচিং, প্রাইভেট এসবের প্রয়োজন হওয়ার কথা নয়। গৃহশিক্ষকতা এক ধরনের অনৈতিক পেশা। গৃহশিক্ষকতার কুফল হিসেবে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা তাদের নিজেদের প্রাইভেট ছাত্রদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সচেষ্ট থাকলেও সাধারণ শিক্ষার্থীদের দিকে ভ্রূক্ষেপ করেন না। এতে ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতির পাশাপাশি শিশুমনে বিরূপ প্রভাব ফেলে। গৃহশিক্ষকতা করার মানসে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো পাঠদান না করে গৃহশিক্ষক হিসেবে নিজের উচ্চ অবস্থান ধরে রাখতে প্রাইভেটে বিশেষ পাঠদানের ব্যবস্থা করে থাকেন। যাতে ওই শিক্ষকের কাছে অধ্যয়নরত শিক্ষার্থীরাই পরীক্ষান্তে মেধা তালিকায় শীর্ষ স্থানগুলো দখল করতে পারে এবং ওই শিক্ষকের প্রাইভেট ব্যবসা জমজমাট হতে পারে। গৃহশিক্ষকতার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠীরা সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেয়ে নিজ নিজ গৃহশিক্ষকের শিক্ষার্থীদের সংঘবদ্ধভাবে চলাফেরার প্রবণতা লক্ষ করা যায়। এটা শিশুর মন ও ভবিষ্যত্ মেধা বিকাশের অন্তরায়। প্রতিষ্ঠানের একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়লে ওই শিক্ষক ছাড়া অবশিষ্ট শিক্ষকেরা ওই শিক্ষার্থীকে আন্তরিকতার চোখে দেখেন না। এতে শিক্ষার্থীরা হীনম্মন্যতায় ভোগে। আজকাল নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা চার চার জন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে থাকে। উচ্চতর গণিত, সাধারণ গণিত, জীববিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি এই পাঁচটি বিষয়ের জন্য চারজন শিক্ষকের কাছে পড়া যেন একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। শহর নয় মফস্বলেও আজ এটা ব্যাপক প্রচলিত। যারা চারজন শিক্ষকের কাছে পড়ে না তারা নিজেদেরকে ছোট মনে করে। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিশু শিক্ষার্থীও একাধিক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে থাকে। কলেজের ক্ষেত্রেও এর ধারাবাহিকতা বিদ্যমান। প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবর্তে প্রাইভেটনির্ভর আজকের শিক্ষা সাফল্য অর্জনে কতটা ভূমিকা রাখবে তা অবশ্য প্রশ্নবিদ্ধ। আজকের শিক্ষার্থীরা শ্রেণির পাঠ গ্রহণেও আগ্রহী নয়। এর ভয়াবহতা আর কুফল দেশকে কোথায় নিয়ে যাবে তা আন্দাজ করা দুরূহ। ঢাকার শান্তিনগর এলাকায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জনৈক শিক্ষক শুধুমাত্র প্রাইভেট পড়ানোর জন্য বছর দুয়েক আগে তিন বেডরুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তিনি প্রতিটি কক্ষের মাঝের দেয়াল ভেঙে বড় একটি শ্রেণিকক্ষ তৈরি করে সেখানে প্রাইভেট ব্যবসা চালাতেন। এক ব্যাচে তাঁর শিক্ষার্থী সংখ্যা ছিল ৭৫ জন। শিক্ষার্থী প্রতি টিউশন ফি ছিল ১ হাজার ৫ শ টাকা। একাধিক বিষয়ে প্রাইভেট পড়ায় একজন শিক্ষার্থীর পেছনে অভিভাবকদের শিক্ষা ব্যয়ের পরিমাণটা সহজেই অনুমেয়। আর এটা নিঃসন্দেহে অভিভাবকদের জন্য যে বোঝা তা বলার অপেক্ষা রাখে না। মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর ৭৩৬৬/২০১১-এর আদেশের পরিপ্রেক্ষিতে কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ ২০ জুন, ২০১২তে জারি করা হয়। এ নীতিমালায় প্রাইভেট টিউশনির সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে— শিক্ষকের নিজ গৃহে কিংবা শিক্ষার্থীর গৃহে পাঠদানকে বোঝাবে। এ নীতিমালা লংঘনকারী শিক্ষকের এমপিও স্থগিত, বাতিল, বেতনভাতাদি স্থগিত, বার্ষিক বেতনভাতাদি স্থগিত, বেতন এক ধাপ অবনমিতকরণ, সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। গত দশ মাসে এই আইন কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা দৃশ্যমান হয়নি বললে হয়তো সত্যের অপলাপ করা হবে না। আবার কিছু বাস্তবতাও উপলব্ধিতে আনতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত একজন সহকারী শিক্ষক পান ৮ হাজার ৮ শ টাকা। এই দুর্মূল্যের বাজারে এই টাকায় দিন গুজরান করা অসম্ভব। শিক্ষাবঞ্চিত একজন রাজমিস্ত্রিরও দৈনিক মজুরি ৪ শ টাকা। প্রাইভেট টিউশনি বন্ধের আগে এই বিষয়গুলো গভীরভাবে ভাবতে হবে। ভারতে বিদ্যালয়ের শিক্ষদের বেতন ঈর্ষণীয়। শিক্ষকদের সম্মানজনক বেতন নিশ্চিত করার পরই সে দেশে প্রাইভেট টিউশনি নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে শিক্ষকদের প্রতি অবিচার করা হয়েছে বললে অত্যুক্তি হবে না। ঢাকা