সংলাপের এজেন্ডা চায় বিএনপি

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:২৪
রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর চারদিনের বাংলাদেশ সফরের পর রাজনৈতিক অঙ্গনে সংলাপের বিষয়টি আরো সামনে চলে এসেছে। সরকারি দল এবং বিরোধী দল সংলাপ প্রশ্নে তাদের তাত্ক্ষণিক প্রতিক্রিয়াও ব্যক্ত করেছে। প্রধান বিরোধী দল বিএনপির সংলাপে আপত্তি নেই, কিন্তু সংশয় এজেন্ডা নিয়ে। তাদের বক্তব্য মূল এজেন্ডা কি হবে তা খোলাসা না করলে সংলাপকে দ্রুত ও ইতিবাচকভাবে এগিয়ে নেয়া যাবে না। তাই তারা সংলাপের এজেন্ডা প্রশ্নে আরো স্বচ্ছতা আশা করছে। এ ব্যাপারে সুস্পষ্টভাবে জানতেও আগ্রহী। সরকারি দল বলেছে, তারা আমন্ত্রণপত্র দেবে বিএনপিকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ’একটি অর্থবহ সংলাপে বিরাজমান রাজনৈতিক সমস্যার সমাধান হবে।’ তবে সমস্যা উত্তরণে সরকার ও বিরোধী দলের মধ্যে এই মুহূর্তে সংলাপের রুদ্ধ দুয়ার খুলে গেলেও এখন বিপত্তি দেখা দিচ্ছে ’এজেন্ডা’ নিয়ে। সরকারি দলের সাফ কথা হলো, আলোচনা হবে শর্তহীন, খোলামেলা। আর বিএনপি বলছে, আমন্ত্রণ চিঠিতে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রধান কে হবেন তা উল্লেখ না থাকলে আলোচনা হবে অর্থহীন। সে আলোচনায় বিএনপি যাবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা চিঠি দিবেন বিএনপিকে। তবে আনুষ্ঠানিক সংলাপে বসার আগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার প্রস্তাব সুনির্দিস্ট করতে চান তারা। তাদের চিঠিতে কোন এজেন্ডা থাকবে না। এই প্রসঙ্গে ইত্তেফাকের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংলাপের কথা বারবার বলে আসছি আমরা। তবে সংলাপ অর্থবহ করতে হলে সুনির্দিস্ট এজেন্ডা থাকতে হবে। এজেন্ডা ছাড়া সংলাপ অর্থহীন। দেশের মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। নির্দলীয় সরকারের প্রধান কে হবেন তা নিয়ে সংলাপ হতে হবে। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সংলাপের ব্যাপারে আমরা খুবই আন্তরিক। সারাদেশের মানুষের দাবি-তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল। আমাদেরও সেই দাবি। এই দাবি না মানলে তার পরিণতি হবে সরকারের পতন । তিনি বলেন, সরকার সংলাপের জন্য যদি চিঠি দেয় তাহলে তাতে তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা থাকতে হবে। চিঠিতে এজেন্ডা না থাকলে আলোচনা অর্থহীন। সে ক্ষেত্রে আমরা সংলাপে যাবো না। মওদুদ বলেন, সংলাপ নিয়ে সরকার ধুম্রজাল সৃষ্টি করছে। বাস্তবে তাদের কোন আন্তরিকতা নেই। মোহাম্মদ নাসিম বলেন, আলোচনা কোন এজেন্ডা বা পূর্বশর্ত দিয়ে হবে না। খোলামেলা সংলাপ হতে হবে। সব বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী একাধিকবার সংলাপের আহবান জানিয়েছেন। কিন্তু বিএনপি সংলাপ চায় না। তারা অন্যপথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। আলোচনা চাইলে খোলামন নিয়ে আসতে হবে। তিনি বলেন, বিএনপি নেত্রী আল্টিমেটাম দিয়ে সরকার ফেলে দিতে চেয়েছিলেন। তিনি সমঝোতা, আলোচনা, এসবে বিশ্বাস করেন না। আর আমরা শর্ত দিয়ে তাদের আলোচনায় ডাকবো না। নাসিম জানান, চিঠি দেয়ার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। চিঠি দেয়ার সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা আমাদের জানাবেন। ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আলোচনা হবে অন্তর্বর্তী সরকার নিয়ে। আর এ সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল মঙ্গলবার উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা আলমগীর বলেন, গোটা দেশবাসী বিশ্বাস করে সংলাপের উদ্যোগ সফল হবে। আমরা চাই, দেশের শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক। তিনি বলেন, দেশবাসী বিশ্বাস করে, একটি অর্থবহ সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে। আমরা চাই, দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সব সমস্যার সমাধান হোক।