আজ সন্ধ্যায় মহাসেন আঘাত হানতে পারে

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:২৫
বিদ্যমান গতিপথ পরিবর্তন না হলে আজ বুধবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বাংলাদেশের মেঘনা অববাহিকা চাঁদপুরসহ কক্সবাজারের উখিয়া উপকূলে আঘাত হানতে পারে। গতরাতে এ প্রতিবেদন লেখার সময় ‘মহাসেন’-এর অবস্থান ছিল চট্টগ্রাম থেকে ১ হাজার ১১০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪০ কিলোমিটার ও মংলা থেকে ১ হাজার কিলোমিটার দূরে। ৫৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘূর্ণিঝড় মহাসেন-এর গতি ছিল ৮৮ কিলোমিটার। আবহাওয়া অফিস জানায়, মহাসেন ক্রমেই উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ১৩ জেলায় আঘাত হানা হতে পারে। এ জেলাগুলো হচ্ছে: বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালি, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার। ইতিমধ্যে মহাসেন-এর সম্ভাব্য আঘাত পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় ১৩ জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মহাসেন-এর প্রভাবে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। গভীর সমুদ্র থেকে মাছ ধরার সব ধরনের ট্রলার, নৌকা উপকূলের কাছাকাছি অবস্থান নিয়েছে। আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানান, মহাসেনের প্রভাবে ইতিমধ্যে দেশের অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যেতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার জরুরিভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ডাকা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এতে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব মুখ্য সচিব, পিএসওসহ ২৯ মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ত্রাণমন্ত্রী সাংবাদিকদের জানান, মহাসেন-এর সম্ভাব্য আঘাত হানার জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে। উপকূলীয় ১৩ জেলার ৩৭টি উপজেলার ৩২২টি ইউনিয়ন পরিষদ মহাসেন-এর সম্ভাব্য আঘাতের লক্ষ্যস্থল রয়েছে। এসব এলাকার মানুষকে নিরাপদ আশ্রয় দিতে ৩ হাজার ৭৭০টি আশ্রয়কেন্দ প্রস্তুত রাখা হয়েছে। ইউনিয়নে একটি, উপজেলায় দুটি এবং জেলায় ৫টি করে মেডিক্যাল টিম করা হয়েছে। উপকূলীয় প্রতিটি জেলায় অতিরিক্ত তিন লাখ টাকা ও ১০০ টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। ১৩ জেলার প্রশাসন সকল কর্মকর্তার ছুটি বাতিল করেছে। প্রতিটি উপজেলা ও জেলা সদর এবং কেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। মহাসেন সংক্রান্ত তথ্যের জন্য কন্ট্রোল রুম এদিকে তথ্য বিবরণীর এক খবরে জানান হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ সংক্রান্ত তথ্যের জন্য তথ্য অধিদফতরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরসমূহ হচ্ছে: ৯৫১৪৯৮৮, ৯৫১২২৪৬, ৯৫৪০০১৯। ফ্যাক্স: ৯৫৪০০২৬, ৯৫৪০৪৯৮, ৯৫৪০৫৫৩। ই-মেইল: [email protected], [email protected] এবং ওয়েবসাইট: www.bdpressinform.org। - তথ্য বিবরণী