বিএনপি আজ বুধবার রাজধানীতে পূর্বনির্ধারিত সমাবেশ করার অনুমতি পায়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আজ অপরাহ্নে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। সমাবেশের জন্য বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু সেই অনুমতি দেয়া হয়নি। এ ব্যাপারে সংসদে বিরোধী দলের চিফ হুইপ ও দলের কেন্দ্রীয় নেতা জয়নাল আবদিন ফারুক রাতে ইত্তেফাককে জানান, সরকার আমাদের সমাবেশের অনুমতি দেয়নি। বিষয়টি দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবহিত করা হয়েছে। তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এ ব্যাপারে ডিএমপির মতিঝিল জোনের ডিসি নাজমুল আলম জানান, নিরাপত্তাজনিত কারণে এই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। বিষয়টি বিএনপিকে জানিয়ে দেয়া হয়েছে।
কাল হরতাল দিতে পারে বিএনপি
এদিকে গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি না দেয়ার ঘোষনা দেয়ার পর বিএনপির গুলশান অফিসে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন দলের কয়েকজন সিনিয়র নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ কয়েকজন শীর্ষ নেতা খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা করেন। দলের মহানগরির সদস্য সচিব আবদুস সালাম ইত্তেফাককে বলেন, রাজনীতিকে ইতিবাচক ধারায় নিতে আমরা একাধিকবার সমাবেশ পিছিয়েছি। এটাকে সরকার আমাদের দুর্বলতা ভেবেছে। তাই আজ বেলা ১১টান মধ্যে সমাবেশের অনুমতি না দিলে আমরা কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবো।
জানা গেছে, কাল বৃহস্পতিবার হরতাল দিতে পারে ১৮ দল। পরপর তিন বার আবেদন করেও নয়া পল্টনে সমাবেশের অনুমতি পায়নি বিরেধী জোট। ফলে তারা হরতালের কর্মসুচি দিতে যাচ্ছে বলে জানা গেছে। আজ ১১ টায় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। তার আগে যৌথসভা হবে।
