দ্রুত স্বাক্ষরে আশাবাদ মজীনার

টিকফা চুক্তি নিয়ে জন কেরির সঙ্গে দীপু মনির বৈঠক ১৭ মে

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:২৭
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা তার দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি (টিকফা) শিগগিরই স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আগামী ১৭ মে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে বৈঠকে মিলিত হবেন। সেখানে অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ের সাথে টিকফা নিয়েও আলোচনা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন মজীনা। তিনি বলেন, বাংলাদেশের অনেকে টিকফা চুক্তিকে অনেক বড় করে দেখেন। আসলে বিষয়টি তেমন কিছু নয়। চুক্তিটি স্বাক্ষর হলে দু’দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, এর আগে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের টিকফা চুক্তি হচ্ছে বলে জানিয়েছিলেন। মার্কিন রাষ্ট্রদূত এমন সময়ে টিকফা চুক্তির কথা বলেছেন, যখন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য বা জিএসপি সুবিধা নিয়ে দেনদরবার হচ্ছে। এর আগে টিকফা চুক্তি স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হলেও জিএসপির বিষয়টি সামনে না আসা পর্যন্ত এ নিয়ে বাংলাদেশ তেমন এগোয়নি। টিকফা নিয়ে সমালোচনা থাকলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে চুক্তির কাঠামো ও শর্তাবলী নিয়ে অনেক দেনদরবার চলে। চুক্তিটি করতে গড়িমসি করায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) বাতিলেরও হুমকি দেয়া হয়। বলা হয়, টিকফা চুক্তি না হলে জিএসপি সুবিধা বাতিল করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পণ্যের প্রধান রফতানি গন্তব্য যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর বাংলাদেশ নমনীয় হয় এবং চুক্তি সই করতে সম্মত হয়। প্রসঙ্গত, টিকফার আগে আলোচনা শুরু হয় বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি বা টিফা স্বাক্ষর নিয়ে। পরবর্তী সময়ে সহযোগিতার বিষয়টি যুক্ত হয়ে এটি টিকফা চুক্তি হিসেবে অভিহিত হয়। এই চুক্তির ব্যাপারে দু’দেশের মধ্যে আলোচনা শুরু হয় ২০০২ সালে এবং ২০০৫ সালে ৭টি ধারা ও ১৯টি প্রস্তাবনা সম্বলিত চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়। দুর্নীতি, মেধাস্বত্ব ও শ্রমিকদের অধিকার নিয়ে দু’দেশের মাঝে মতানৈক্য থাকায় বিভিন্ন সময় চুক্তি নিয়ে আলোচনা থেমে যায়। এ চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে দুর্নীতির আশ্রয় না নেয়ার নিশ্চয়তা দিয়ে বিষয়টি চুক্তিভুক্ত করতে হবে। নিরাপত্তা, বিনিয়োগের হেফাজত, শ্রমিকের জীবনমানের উন্নয়ন, মেধাস্বত্ব, সবগুলো সেক্টর থেকে শিশু ও বাধ্যতামূলক শ্রম নির্মূল এবং গার্মেন্টে ট্রেড ইউনিয়নের সুযোগ এসব বিষয়ে নীতিগতভাবে আপত্তি না থাকলেও বাংলাদেশ চেয়েছিল এগুলোর ধাপে ধাপে বাস্তবায়ন। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে সেটি টেকেনি। সূত্রমতে, টিকফা চুক্তি অনুযায়ী শ্রম আইন পরিপালন করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রতি বছরই চুক্তিটি সঠিক ভাবে পরিপালন হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা হবে। পারস্পরিক কারিগরি সহায়তা বিনিময় করা হবে। পরিবেশ মান বজায় রাখা, মেধাস্বত্ব সংরক্ষণ আইন এবং সুশাসনের বিষয়টিও এই চুক্তির অধীনে কার্যকর করার বিষয়টি থাকছে। দুর্যোগে সাড়াদান সংশ্লিষ্ট পরিকল্পনা কর্মশালার সমাপনী এদিকে, দুর্যোগে সাড়াদান সংশ্লিষ্ট পরিকল্পনা কর্মশালার সামপনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, ‘আমরা ইচ্ছে করলেই একটি ভূমিকম্পকে আটকে দিতে পারি না। এটিকে ফিরিয়ে দেয়াও সম্ভব নয়। তবে এটি প্রতিরোধে আমরা প্রস্তুতি নিতে পারি। সম্ভাব্য কার্যকর সাড়াদান নিশ্চিত করতে নীতিমালা দিকনির্দেশনা এবং পরিকল্পনা প্রণয়ন করতে পারি।’ সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।