ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা পাশের তিনটি ভবনকে সাক্ষী রেখে টানা অভিযানের ২১তম দিনে জেলা প্রশাসনের নিকট হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হলো রানা প্লাজার ধসে যাওয়া ৯ তলা ভবনের উদ্ধার অভিযান। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে অভিযান সমাপ্তির পর রানা প্লাজা ধসে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। এর আগে সেনাবাহিনীসহ উদ্ধার অভিযানে অংশ নেয়া সকল সদস্যকে সফলভাবে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া একটি বার্তা উপস্থিত সকলের সামনে পড়ে শোনানো হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাবির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও উদ্ধার অভিযানের সমন্বয়ক সেলের প্রধান মেজর জেনারেল চৌধুরী হাসান সাহরাওয়ার্দী, ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার আলী আহম্মেদ খান, ঢাকা জেলা প্রশাসক ইউসুফ হারুন, জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, নিখোঁজ ও নিহতদের স্বজন এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
মোনাজাতশেষে অনেক স্বজনই প্রিয় মানুষটির সন্ধানে ভিড় করেন ঘটনাস্থল রানা প্লাজার সামনে। এখনও অনেকেই তাদের প্রিয়জনের ছবি নিয়ে ধসে যাওয়া ভবনের আশপাশে ঘুরছেন। প্রায় তিনশ স্বজন ইতিমধ্যেই তাদের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করেছেন। এ ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানা, তার পিতা আব্দুল খালেক, গার্মেন্টসের ৫ কর্মকর্তা ও তিন প্রকৌশলী কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
মোনাজাতে অংশ নিতে আসা রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দোকান মালিকরা তাদের ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর আগে সোমবার সন্ধ্যা থেকেই থেমে যায় উদ্ধার অভিযানে ব্যবহূত ভারী যন্ত্রপাতির উচ্চ শব্দ। ঘটনাস্থল থেকে গুটিয়ে নেয়া হয় ভারী সরঞ্জামাদি। নেমে আসে নীরবতা। রাত ৯টায় আনুষ্ঠানিক ঘোষণা আসে অভিযান সমাপ্তির। অসংখ্য নিখোঁজ আর ১১২৭ জনের প্রাণহানির বিশ্ব রেকর্ড গড়ে মানুষের সৃষ্ট বিপর্যয়ের ইতিহাসে জায়গা করে নিল সাভার ট্রাজেডি। এরই সাথে বিশ্ব ইতিহাসে স্থান করে নিল রেশমার ১৭ দিন পর জীবিত উদ্ধার হওয়ার কাহিনী।
‘নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ হবে’
রানা প্লাজা ধসের ঘটনায় দোষীদের উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ধসে পড়া রানা প্লাজার এ স্থানটি সরকারের আওতায় এনে এখানে নিহত ও আহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ করা হবে। দোয়াশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ভবন ধসের এ ঘটনা আমাদের জন্য একটি সংকেত। উদ্ধার তত্পরতায় আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজিত করার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নিকট আবেদন করা হয়েছে। এ ঘটনায় আহতদের যাদের হাত কিংবা পা নেই প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়েও চিকিত্সার ব্যবস্থা করা হবে।
