বটিয়াঘাটায় ‘তরমুজ বিপ্লব’ ঘটিয়ে সর্বস্বান্ত চাষিরা!

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৩৩
তরমুজের ‘বিপ্লব’ ঘটানোর পর হাসির পরিবর্তে কান্নাই সঙ্গী হয়েছে বটিয়াঘাটার তরমুজ চাষীদের! উপজেলার ৩টি ইউনিয়নের ২০টি বিলে শত শত বিঘা জমিতে তরমুজের চাষ হয়েছে। গতবার চাষ করে ভালো ফল পেয়ে এবার ১৪ গুণ বেশি চাষ হয়েছে। ফলনও হয়েছে প্রচুর। কিন্তু ‘পানির দরে’ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবুও মিলছে না ক্রেতা। লোকসান গুণে অনেকে বলছেন, তাদের তরমুজ চাষ করার সাধ মিটে গেছে! উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর বটিয়াঘাটায় তুলনামূলক অল্প জমিতে তরমুজ চাষ হয়। ফসল ভাল হওয়ায় এবং উপযুক্ত মূল্য পাওয়ায় অনেকের মধ্যে উত্সাহ বৃদ্ধি পায়। যে কারণে চলতি বছর অগণিত নতুন নতুন চাষী তরমুজ চাষে ঝুঁকে পড়ে। জলমা ইউনিয়নের পুটিমারী, তেঁতুলতলা, সাচিবুনিয়া, রাঙ্গেমারী, বটিয়াঘাটার হেতালবুনিয়া, হোগলবুনিয়া, গঙ্গারামপুরের আন্ধারিয়া, বয়ারভাঙ্গা, ঝড়ভাঙ্গা, দেবীতলা, কাতিয়ানাংলা, ডেউয়াতলা বিলসহ ১৫/২০টি বিলে তরমুজের চাষ হয়েছে। আন্ধারিয়া গ্রামের তরমুজ চাষী অসীম কুমার সরদার জানান, গত বছর বটিয়াঘাটা অঞ্চলে তিনিই প্রথম তরমুজের চাষ শুরু করেন। ফলন ভালো হওয়ায় এবং লাভ আসায় এবছর ৫ গুণ বেশি জমিতে চাষ করেছেন। তিনি ইত্তেফাককে জানান, ক্ষেতে প্রচুর পরিমাণ তরমুজ পড়ে রয়েছে। সাদা কালো আর ডোরাকাটা দাগের তরমুজে ক্ষেত ভরে আছে। বহু তরমুজ ক্ষেতে পঁচতে শুরু করেছে। ৪/৫ ট্রাক তরমুজ ইতিমধ্যে ঢাকায় পাঠালেও আসল টাকাই ঘরে আনা সম্ভব হচ্ছে না। এক বিঘা জমিতে তরমুজ চাষ করতে লক্ষাধিক টাকা খরচ হয়। অথচ স্থানীয় হাটবাজারে ১০ কোজি ওজনের একটি বিশাল তরমুজ বিক্রি হচ্ছে মাত্র ৩০/৩৫ টাকায়! উপজেলা কৃষি কর্মকর্তা বুদ্ধদেব সেন জানান, বিভিন্ন ইউনিয়নের ক্ষেত পরিদর্শন করে দেখা গেছে, কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ না করলেও মাটির গুণের তরমুজ সহজেই উত্পাদিত হচ্ছে। তাদের ভাল প্রশিক্ষণ ও ফসলের ভালো দাম দেয়া হলে এই এলাকা থেকে প্রচুর পরিমাণ তরমুজ বিদেশে রফতানি করা সম্ভব।