গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৩৪
জামায়াতের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে হরতাল বিরোধী মিছিল করেছে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারী গণজাগরণ মঞ্চ। এসময় তারা হরতালকে অবৈধ ও যুদ্ধাপরাধীদের রক্ষার হরতাল বলে উল্লেখ করে জনসাধারণকে প্রতিহত করতে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল দুপুর সাড়ে ১২টায় গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে এই মিছিলটি শাহবাগ থেকে কাঁটাবন মোড়, রূপসী বাংলা মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষেদের সামনে থেকে আবার শাহবাগে ফিরে আসে। এসময় গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শামসুল ইসলাসম সুমনসহ গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার বলেন, জামায়াতের ডাকা হরতাল সারাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, জামায়াত নেতা কামারুজ্জামানের সর্বোচ্চ সাজা ফাঁসির রায় হয়েছে। জাতি আশা করে, সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজা হবে। গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। ককটেল বিস্ফোরণ : এদিকে সকাল সাড়ে ১১টায় শাহবাগে একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং আরো একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা জাতীয় জাদুঘরের সামনে হরতাল বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ককটেল বিস্ফোরণের পর গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগ মোড়ে ছুটে আসে। কালো টেপ মোড়ানো অবিস্ফোরিত ককটেলটি রাস্তায় পড়ে ছিল। পরে পুলিশ এসে বালুভর্তি বালতিতে করে তা সরিয়ে ফেলে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শাহবাগের মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ও একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।