গ্যাস-বিদ্যুত্ সঙ্কটে দীর্ঘদিন ধরেই বিনিয়োগে মন্দাভাব বিরাজ করছে। আর বর্তমানের রাজনৈতিক অস্থিতিশীলতা এ সঙ্কটকে আরো প্রকট করে তুলেছে। বেসরকারি খাতের বিনিয়োগকারীরা ব্যাংক থেকে ঋণ নেয়া বন্ধ রাখায় ব্যাংকিং ব্যবসায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থার পরও সরকারকে ঋণ দিতে বাধ্য হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। চলতি অর্থবছরের (২০১২-১৩) প্রথম দশ মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ১০ হাজার ৭৪৪ কোটি টাকা ঋণ নিয়েছে। এ সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণ করলেও কেন্দ ীয় ব্যাংককে ছয় হাজার ৬৪৯ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। অর্থাত্ বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ ীয় ব্যাংকের দেনা পরিশোধ করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের অব্যাহত ঋণ নেয়ার কারণে ব্যাংকগুলোর উপর চাপ বাড়ছে। প্রসঙ্গত, ব্যাংকের মূল কাজ কম সুদে আমানত সংগ্রহ করে তা তুলনামূলক বেশি সুদে বিনিয়োগ করা। যেমন, ব্যাংক যদি শতকরা ১৪ টাকা হারে আমানত সংগ্রহ করে তা শতকরা ১৮ টাকা সুদে বিনিয়োগ করে। এখানে ব্যাংকের লাভ হবে শতকরা চার টাকা। বেসরকারি খাতে বিনিয়োগ করলেই এ লাভ সম্ভব। অন্যদিকে যদি সরকারের কাছে বিনিয়োগ করে বা সরকারকে ঋণ দেয় তাহলে সেক্ষেত্রে সরকার ব্যাংককে ১১ থেকে ১২ টাকা হারে সুদ দেয়। এক্ষেত্রে ব্যাংকের শতকরা দুই থেকে তিন টাকা লোকসান হয়। এ লোকসান সত্ত্বেও সরকার যখন ঋণ চায়, তখন ব্যাংকগুলো ঋণ দিতে বাধ্য।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ০৫ মে পর্যন্ত সরকার ব্যাংক ব্যবস্থা থেকে নীট ১০ হাজার ৭৪৪ কোটি ১৮ লাখ টাকা ঋণ নিয়েছে। এ নিয়ে সরকারের মোট ঋণের পরিমাণ এক লাখ দুই হাজার ৪১০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে কেন্দ ীয় ব্যাংকের কাছে ৩১ হাজার ৩৫৭ কোটি টাকা এবং তফসিলি ব্যাংকগুলোর কাছে ৭১ হাজার ৫২ কোটি টাকার ঋণ রয়েছে।
প্রসঙ্গত, কেন্দ ীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে সরকার ঋণ নিয়ে থাকে। আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে পিডি (প্রাইমারি ডিলার) ব্যাংকগুলোর কাছ থেকে শুধু সরকার ঋণ নিতে পারত। সম্প্রতি ২৫টি নন-পিডি ব্যাংকও এ তালিকায় সংযুক্ত করা হয়েছে। ফলে কেন্দ ীয় ব্যাংকের ওপর চাপ খানিকটা কমেছে। সরকারের চাহিদা মাফিক ঋণের ৬০ শতাংশ পিডি ব্যাংক পূরণ করার পর বাকি ৪০ শতাংশ নন-পিডিদের ঋণ দিতে হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর সরকারের ঋণের অধিকাংশ চাপানোর এ সুযোগটা কাজে লাগাচ্ছে কেন্দ ীয় ব্যাংক।
ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ ীয় ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ বাড়লে মূল্যস্ফীতিও বাড়ে। কারণ কেন্দ ীয় ব্যাংক নতুন নোট ছাপিয়ে সরকারকে ধার দেয়। অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নিলে ব্যবসায়ী ও উদ্যোক্তারা ঋণ পায় না। এতে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ে।
চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ২৩ হাজার কোটি টাকা ঋণ নেয়ার প্রস্তাব করেছে। অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরের যে ধারায় আছে তাতে বাজেটের নির্ধারিত টাকাকে ছাড়াবে না। তবে আগামী অর্থবছরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওই বছরে সরকারের ব্যাংক ঋণ অনেক বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকারের ঋণের কারণে সুদহার কমছে না। আর ব্যাংক ঋণের সুদের হার বেশি হওয়ায় শিল্পোদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিলেও এতে উত্পাদন খরচ অনেক বেড়ে যায়। তবে ব্যাংকগুলোতে যথেষ্ট পরিমাণে তারল্য রয়েছে বলে জানান তিনি। হাতে গোনা দুয়েকটি ব্যাংকে তারল্য সংকট রয়েছে স্বীকার করে তিনি বলেন, এটা তাদের ব্যবস্থাপনার দুর্বলতা।
অর্থনীতিবিদদের মতে, সরকার ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে। এর ফলে দেশের ব্যবসায়ী-শিল্পপতিরা ব্যাংক থেকে ঋণ পাবে না। এতে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে, চলতি অর্থবছরের বাজেট ঘোষণায় ব্যাংক ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বললেও ব্যাংক থেকে বেশি ঋণ নেয়ায় ব্যাংকিং খাতে বিরূপ প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
