বাগেরহাটে ইডেন ছাত্রীকে খুন করে ধরা দিলেন স্বামী!

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৩৭
বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের আনুষ্ঠানিকতার ৯৬ ঘন্টার মধ্যে স্বামীর নৃসংশতার শিকার হয়ে নিহত হলেন কলেজ ছাত্রী শরীফা আক্তার পুতুল (২২)। সোমবার মধ্যরাতে তার স্বামী শিকদার মাহামুদ আলম (৩৩) তাকে গলা কেটে হত্যা করেন। ঐ রাতেই তিনি কীটনাশক পান করে মোল্লাহাট থানায় হাজির হন এবং পুলিশের কাছে নিজ স্ত্রীকে হত্যার কথা জানান। পুলিশ রাতেই মাহামুদের বাড়ি থেকে শরীফার লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহূত একটি চাপাতি উদ্ধার করেছে। মাহামুদকে পুলিশ প্রহরায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে। নিহত শরীফা আক্তার পুতুল মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈবকান্দি গ্রামের মো. আবু দাউদের মেয়ে এবং ঢাকা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী। শিকদার মাহামুদ আলম একই গ্রামের মৃত শিকদার সামছুল আলমের ছেলে। প্রায় ছয় মাস আগে তারা পরস্পর ভালোবেসে গোপনে বিয়ে করেন। গত শুক্রবার পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রাথমিকভাবে পুলিশ এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানতে পারেনি। মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহত শরীফার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শরীফা আক্তারদের প্রতিবেশী আয়ুব আলী জানান, শরীফার বড় বোন সাগরিকা মাহামুদের বড় ভাই শাইকুলের স্ত্রী। সেই সুবাদে উভয় পরিবারে ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো। সাত-আট মাস আগে পারিবারিকভাবে শরীফাকে অন্যত্র বিয়ে দেয়া হয়েছিলো। কিন্তু মাহামুদের সাথে প্রেমের সম্পর্ক থাকায় শরীফা বিয়ের কয়েকদিনের মধ্যে স্বামীর ঘর ছেড়ে চলে আসেন। প্রায় পাঁচ মাস আগে শরীফা ও মাহমুদ গোপনে বিয়ে করেন। পরে ঘটনা জানাজানি হলে উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়ে গত শুক্রবার (১০ মে) আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেন। আনুষ্ঠানিক এই বিয়ের মাত্র ৯৬ ঘন্টার মধ্যে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংঘটনের মত কোন কারণ তারা অনুমান করতে পারছেন না। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন শিকদার মাহামুদ আলম সাংবাদিকদের কাছে দাবি করেন, কিছুদিন ধরে তিনি তার স্ত্রীর পরকীয়া প্রেমের ঘটনা আঁঁচ করছিলেন। সোমবার রাত ১২টার দিকে তার স্ত্রীর মোবাইল ফোনে ‘অশ্লীল’ মেসেজ দেখে তিনি পরকীয়া প্রেমের বিষয়ে নিশ্চিত হন। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে শরীফাকে ঘরে থাকা দা দিয়ে জবাই করে হত্যা করেন। তবে নিহত শরীফার বাবা মো. আবু দাউদ তার জামাতা মাহামুদের দাবিকৃত এই অভিযোগ অস্বীকার করে বলেন, মাহামুদসহ একাধিক হত্যাকারী এই ঘটনা ঘটিয়েছে বলে তার বিশ্বাস। তিনি মনে করেন যে, মাহামুদের একার পক্ষে এভাবে তার মেয়েকে হত্যা করা সম্ভব না। তিনি হত্যাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আনাম জানান, মঙ্গলবার ভোর রাত আড়াইটার দিকে মাহামুদ একা থানায় এসে পুলিশের কাছে নিজের স্ত্রীকে হত্যার কথা জানান এবং তাকে গ্রেপ্তার করতে বলেন। থানায় আসার আগে তিনি কীটনাশক পান করায় অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ প্রহরায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, মাহামুদের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী সোমবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তিনি একা শরীফাকে হত্যা করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল উদয়পুর দৈবকান্দি গ্রামে গিয়ে মাহামুদের তালাবদ্ধ ঘরের ভেতর থেকে শরীফার বিবস্ত্র জবাই করা লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহূত চাপাতি উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ এখনও জানা যায়নি। মাহামুদ একটু সুস্থ হলে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।