সোমবারের মধ্যে হেফাজত নিষিদ্ধ করুন, নইলে ২৩ মে ঢাকা অবরোধ

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৩৭
হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। তারা বলেছে, আগামী সোমবারের মধ্যে সরকারকে দাবি পূরণ করতে হবে। সরকার এ দাবি না মানলে আগামী ২৩ মে ঢাকা অবরোধ করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন এ আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনের ব্যানারে লেখা ছিলো, ‘হেফাজত ইসলাম কর্তৃক পবিত্র কোরআন ও হাদিস জ্বালিয়ে মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার প্রতিবাদ। তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ইসলাম নামধারী হেফাজত ও জামায়াত যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে তা সংবিধান পরিপন্থী। সরকার যদি আগামী ২০ মে’র মধ্যে হেফাজতকে নিষিদ্ধ না করে তাহলে ২১ মে দেশের সকল মসজিদে দোয়া, ২২ মে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ এবং ২৩ মে ঢাকা অবরোধ করা হবে। তিনি বলেন, গত ৫ মে মতিঝিল শাপলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থানের অনুমতি নিয়ে হেফাজত বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, পুরানা পল্টন, গোলাপশাহ মাজার, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিলো। তারা পরিকল্পিতভাবে কোরআন শরীফে আগুন দিয়ে বাংলাদেশসহ পুরো বিশ্বের মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ছাড়াও মহাসচিব শাহ মো. ওমর ফারুক, সদস্য ডা. আল ইমরান, আরিফ উদ্দিন, নুর মোহাম্মদ, আহাদ আলী বক্তব্য রাখেন।