মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমীর একেএম ইউসুফের জামিন আবেদন খারিজ করে দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আগামী ৬ জুন ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এ সময় একেএম ইউসুফকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে শুনানি হয়। ট্রাইব্যুনালের আদেশে বলেন, জামায়াতের নায়েবে আমীর একেএম ইউসুফের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগ আনা হয়েছে। অপরাধের প্রকৃতি ও সার্বিক দিক বিবেচনা করে তার জামিন আবেদন খারিজ করা হলো। ৬ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। আদেশে ট্রাইব্যুনাল একেএম ইউসুফের শারীরিক অবস্থা বিবেচনা করে কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
