সোমবার ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় প্রশাসনিক অনিয়ম অব্যবস্থাপনায় পিছিয়ে পড়ছে মনিপুর স্কুল শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন। প্রতিবাদ পত্রে তিনি বলেন, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সমপ্রসারণের জন্য সরকারি প্রজ্ঞাপনের বাইরে অর্থনৈতিক কোন চাপ দেয়া হয়নি। নিচের দিকের প্রতি ক্লাসে ( ১ম ও ২য় শ্রেণী) দুই জন করে শিক্ষক পাঠদান করে থাকেন। যা বাংলাদেশের অন্যকোন প্রতিষ্ঠানে আছে বলে মনে হয় না। প্রতিবাদে বলা হয়, প্রতিষ্ঠানে ফলাফলে কেউ হতাশ নয়, সবাই খুশি। ভর্তির ক্ষেত্রে কোন আর্থিক অনিয়মের কথাটি অবান্তর। কোন ক্রমেই ভর্তির নীতিমালা লঙ্ঘন করা হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মনিপুর স্কুলের শিক্ষক ও অভিভাবকদের দেয়া তথ্য এবং সরেজমিন অনুসন্ধান করে রিপোর্টটি তৈরি করা হয়েছে। সকলেই প্রতিষ্ঠানের পিছিয়ে পড়ার কারণ হিসাবে বর্তমান অধ্যক্ষসহ কমিটিকে দায়ি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা লঙ্ঘন করে গতবছর মনিপুর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ৫ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ১০০ টাকা অতিরিক্ত আদায় করে। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: ফরহাদ হোসেনের এমপিও স্থগিত করে। কোন ক্লাসেই শিক্ষার্থীর সংখ্যায় স্টান্ডার্ড মান বজায় রাখা হয় না। রিপোর্টে প্রকাশিত প্রতিটি তথ্যই সত্য।
