ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের জারি করা রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ জুন দিন ধার্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ ইকোনমিস্টের বিরুদ্ধে জারি করা রুলের বিষয়ে শুনানি হয়।
গতকাল ইকোনমিস্টের পক্ষে শুনানির সময় ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, ইকোনমিস্ট তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক ও বেলজিয়াম প্রবাসী আইনবিদ আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথনের তথ্য পেয়েছিল। এ তথ্যের সত্যতা যাচাইয়ে সম্পৃক্তদের সঙ্গে কথা বলেছে ইকোনমিস্ট। এজন্য ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে টেলিফোন করা হয়। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে কথা বলার কারণে ইকোনমিস্টের বিরুদ্ধে শো’কজ নোটিস জারি করা হয়েছে। কিন্তু বিচারকের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করতে পারবে না এ মর্মে বাংলাদেশে কোন আইন নেই। তাই বিচারকের সঙ্গে টেলিফোনে কথা বলে ইকোনমিস্ট আদালত অবমাননা করেনি।
এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিচারপতি ফয়সাল ফয়েজের মামলার পর্যবেক্ষণে বলা হয়, বিচারপতির সঙ্গে কথা বলতে হলে সাংবাদিকদের রেজিস্ট্রারের মাধ্যমে আসা উচিত। এছাড়া আরো একটি মামলায় আদালতের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে ইকোনমিস্টের বিরুদ্ধে জারি করা অবমাননার রুলটি নিষ্পত্তি করার জন্য ট্রাইব্যুনালে আবেদন জানান তিনি।
এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, ব্রিটেনে সোর্সের পরিচয় প্রকাশে গণমাধ্যমের কোনো আইনি বাধা আছে কিনা। তখন মুস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত হয়ে জানানোর জন্য সময় চেয়ে আবেদন করলে ১৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। অন্যদিকে, ইকোনমিস্টের জবাবের বিষয়ে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের মতামত চাইলে তারা পরবর্তী তারিখে বক্তব্য তুলে ধরবেন বলে জানান।
