মিয়ানমারে একশ রোহিঙ্গা নিয়ে নৌকা ডুবি

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৩৯
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে ১০০ যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। যাত্রীদের সবাই মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গা মুসলিম। তারা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মহাসেন’ থেকে রক্ষা পেতে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিল। এদের মধ্যে ৪০ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে শ্রীলঙ্কায় ৭ জন মারা গেছে। খবর বিবিসি, রয়টার্স ও এনডিটিভির। মিয়ানমারে গত বছরের সহিংসতর পর অস্থায়ী ক্যাম্পগুলোতে বর্তমানে হাজার হাজার রোহিঙ্গা বাস করছে। সোমবার মধ্যরাতে যাত্রা শুরুর পর রাখাইন প্রদেশের পোকতাও শহরে রোহিঙ্গা বোঝাই তিনটি নৌকা ডুবে যায়। একটি নৌকা ইঞ্জিন চালিত। বাকি দুটি ছোট আকারের এবং এই দুটি যাত্রী ভর্তি ছিল। ঝড়ের কারণে জাতিসংঘ জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেয়ার আহবান জানিয়েছে। জাতিসংঘ প্রথমে নৌকায় ২০০ যাত্রী থাকার তথ্য দিলেও পরে ১০০ যাত্রী ছিল বলে জানায়। মিয়ানমারে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান বারবার মানজি বলেন, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজা হচ্ছে এবং উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে। নৌকা ছাড়ার পর তা কঠিন শিলার সঙ্গে আঘাত লেগে ডুবে যায়। এদিকে শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় মহাসেনে ৭ জন নিহত এবং তিন হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।