রাজধানীর গার্মেন্টস কারখানায় ছিল ব্যাপক নিরাপত্তা

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৪০
রাজধানীতে শ্রমিক বিক্ষোভের আশংকায় গতকাল মঙ্গলবার পোশাক কারখানাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নগরীর তেজগাঁও শিল্পাঞ্চল, কাফরুল, শ্যামলী, মিরপুর-১, মিরপুর-১০ এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, এ এলাকায় শ্রমিক বিক্ষোভের আশংকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে করে কেউ বিক্ষোভের নামে অরাজকতা সৃষ্টি করতে না পারে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সকাল থেকেই পোশাক কারখানারগুলোর সামনে পুলিশ মোতায়েন করা হয়। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।