জামায়াতের ডাকা হরতালে গতকাল মঙ্গলবার রাজধানীতে কোন পিকেটিং দেখা যায়নি। ছিল না ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো কোন অপ্রীতিকর ঘটনা। তবে কয়েকটি স্থানে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল দেখা গেছে। বিস্ফোরিত হয়েছে ৫টি ককটেল।
গতকাল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিন্তু হরতালে কোন উত্তাপ এমনকি পিকেটিং না থাকায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অলস সময় কাটাতে দেখা যায়। নগরবাসীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। হরতাল চলাকালে অধিকাংশ যানবাহন চলাচল করে, অনেক দোকানপাটও ছিল খোলা। তবে রাজধানী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।
পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অবরোধ করে। পরে পুলিশ ধাওয়া করলে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। এছাড়া বাবুবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে শিবির এবং বাংলা মোটর মোড়ে হরতাল সমর্থকরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
