পার্কারের গল্প

আপডেট : ১৫ মে ২০১৩, ১৮:১৪
থ্রিলার সিনেমা ‘পার্কার’। এরপর যদি সেখানে যুক্ত হয় জেসন স্ট্যাথামের নাম তাহলে বুঝতে হবে সিনেমাটি অ্যাকশনে ভরপুর। এ ছাড়াও সিনেমাটিতে অনেক বাড়তি চমক রাখা হয়েছে দর্শকদের জন্য। ‘পার্কার’ নামের সিনেমাটি নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম ছোট একটা ডাকাতি দিয়ে শুরু। গ্রামের একটা পুলিশ স্টেশন লুট করার মধ্যে দিয়ে শুরু হয় ‘পার্কার’ সিনেমাটি। ডাকাতিটির হোতা জেসন স্ট্যাথাম ও তার চার সহকারী। ডাকাতির পর জেসনকে অন্য ডাকাতরা প্রস্তাব দেয় তাদের সাথে বড় আরেকটি ডাকাতি করার। জেসন রাজি না হওয়ায় তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। সেবার প্রাণে বেঁচে যান তিনি। এরপর শুরু হয় প্রতিশোধের পালা। ডাকাতি করা টাকা উদ্ধার এবং তাকে মারতে চাওয়ার প্রতিশোধ নেওয়ার মধ্যে দিয়ে এগিয়ে চলে সিনেমার কাহিনী। এক এক করে নানা বাধা পার করে এগিয়ে যায় জেসন। সিনেমাটিতে তার নাম পার্কার। জেসন তথা পার্কার শেষ পর্যন্ত প্লাম বিচে গিয়ে তাদের সন্ধান পায়। ঠিক করে তাদের নতুন ডাকাতি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আর তারপর তাদের কাছ থেকে ডাকাতি করা টাকা হাতিয়ে নেবে। কিন্তু সবটা তার প্ল্যানমতো হয় না। অনেক ঝড়-ঝাপটার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত পার্কার তার লক্ষ পূরণ করতে পারে। অবশ্য বেশিরভাগ সময়ই তাকে তার মিশনে সাহায্য করার জন্য ছিলেন জেনিফার লোপেজ। গায়িকা জেনিফার লোপেজ এই সিনেমার আরও একটি চমক। মার্কিন লেখক ডোনাল্ড ই ওয়েস্টলেক ‘পার্কার’ চরিত্রটি নিয়ে কয়েকটি উপন্যাস লিখেছেন। তার মধ্যে ‘ফ্ল্যাশফায়ার’-এর কাহিনীর ওপর ভিত্তি করে টেলর হ্যাকফোর্ড তৈরি করেছেন ‘পার্কার’ ছবিটি। ছবিতে জেনিফার লোপেজকে ভারী অস্ত্র হাতে গোলাগুলি করতে দেখা যায়। লোপেজ বললেন, ‘থ্রিলার ধাঁচের ছবিতে কাজ করতে আমার ভালো লাগে। আর অ্যাকশন ছবি আমাকে টানলেও গোলাগুলি খুব একটা উপভোগ করি না। আমি বিশ্বাস করি, পর্দার সন্ত্রাস কখনও বাস্তব জীবনে প্রভাব ফেলতে পারে না।’ জেনিফার লোপেজ অভিনীত ‘পার্কার’ ছবিটি এ বছরের ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির পরপরই বক্স অফিসের শীর্ষ পাঁচে জায়গা করে নেয়। ছবিতে জেসন স্ট্যাটহামের সঙ্গে নায়িকার চরিত্রে অভিনয় করেন জেনিফার লোপেজ। আরও মজার খবর হলো, মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ অভিনীত ছবি ‘পার্কার’ সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। জেনিফার লোপেজ তার এই অভিনয় ক্যারিয়ার নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেছেন, ‘মনে হচ্ছে, একজন অভিনেত্রী হিসেবে কাজ করতে এখন আমি সত্যিই প্রস্তুত। এখন আমি আর আগের মতো নই। দেরিতে হলেও কিছু শিখেছি। ভালো অভিনেত্রী হতে হলে কঠিন সময় পাড়ি দিয়ে কাজের সময় সেগুলো মনে করতে হয়।’ ‘পার্কার’ ছবি মুক্তির আগে লোপেজ আরও ২৬টি ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ‘অ্যানাকোন্ডা’ (১৯৯৭), ‘ইউ টার্ন’ (১৯৯৭), ‘আউট অব সাইট’ (১৯৯৮), ‘অ্যাঞ্জেল আইস’ (২০০১), ‘এনাফ’ (২০০২), ‘মেইড ইন ম্যানহাটন’ (২০০২), ‘গিগলি’ (২০০৩), ‘শ্যাল উই ড্যান্স’ (২০০৪), ‘মনস্টার ইন ল’ (২০০৫) উল্লেখযোগ্য। জেনিফার লোপেজ সম্পর্কে আরও জানা যায়, পিপিলস ম্যাগাজিনের সাম্প্রতিক একটি সমীক্ষায় প্রকাশিত হয়েছে ৪১ বছর বয়সী পপ গায়িকা জেনিফার লোপেজ এই মুহূর্তে বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন। তার চেয়ে বয়সে ছোট হলিউডের ঝড় তোলা অন্য সুন্দরীরা জেনিফার লোপেজের কাছে খুবই তুচ্ছ। আর এই শিরোপা পেয়ে অভিভূত জেনিফার লোপেজ তার বক্তব্যে উচ্ছ্বাস ও আনন্দের অভিব্যক্তি উপচে পড়েছে। তিনি স্পষ্টভাবেই বলেছেন তার বয়স ২৫ নয়, ৪১ বছর বয়সে এই সম্মান পেয়ে তিনি সত্যিই খুশি।