ফজলুর রহমান বাবু

আপডেট : ১৫ মে ২০১৩, ১৮:১৫
অভিনয় নিয়েই সারাবেলার ব্যস্ততা ফজলুর রহমান বাবুর। সময়ের পালাবদলে তার কাজের ক্ষেত্র, পরিধি এবং ধারাও কিছুৃটা বদলে গেছে। নাটকের চরিত্রকে বুঝে নেয়ার তাগিদে চরিত্রায়ণের অর্ন্তনিহিত গল্পও খুঁজে ফিরেন তিনি। শুরু থেকেই অভিনয় করছেন নানা বৈচিত্র্যময় চরিত্রে। প্রতিটি চরিত্রেই নিজেকে ভেঙে আবার গড়েছেন, এর মাধ্যমেই চরিত্রের সঠিক তত্ত্ব তুলে ধরেছেন দর্শকদের সামনে। আনন্দ বিনোদনের নিয়মিত আয়োজন পাঁচ প্রশ্ন বিভাগে ফজলুর রহমান বাবু তার সাম্প্রতিক ব্যস্ততাসহ বলেছেন কিছু ভাবনার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার কেমন যাচ্ছে আপনার সময়টা? ব্যক্তিগত জীবন তো আর সামাজিক বা রাষ্ট্রীয় জীবনের বাইরে না, তাই রাষ্ট্রের যাবতীয় সকল কিছুই ব্যক্তিগত জীবন প্রভাব ফেলে। শুধু আমার জন্য না সবার জন্যই মনে হয় বর্তমান সময়টা নেগেটিভ কেননা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি যেকোনো পেশার উপরেই হুমকি স্বরূপ, কেননা আমাদের দেশের বর্তমান রাজনৈতিক প্রভাব এখন সকলের উপরেই পড়ছে। শুটিং হচ্ছে না। বা আউটডোরে শুটিং করলে অনির্দিষ্টকালের জন্য আটকা পড়ে যাচ্ছে। সব মিলিয়ে নেগেটিভই বলা চলে। তবে আমার ক্যারিয়ারের পুরোটা সময়ই আমার জন্য পজেটিভ। কেননা আমি আগেও যেমন কাজ করেছি এখনও ঠিক তেমনই কাজ করে চলছি। বর্তমানে ব্যস্ততা কী নিয়ে? কাজ নিয়ে কখনও আমার মাঝে কোনো অস্থিরতা দেখা যায়নি। আমি কখনও এমনটি চাইনি যে, আমাকে অনেক অনেক নাটকে অভিনয় করতে হবে, সব সময় টিভিপর্দায় নিজেকে দেখতে হবে। এই ভাবনা আমাকে কখনও তাড়া করেনি। আমি আসলে নিজেকে দেখতে চেয়েছি ভালো কাজের একজন অভিনেতা হিসেবে। বর্তমানে কাজের ব্যস্ততা একটু বেশি। এককের চেয়ে ধারাবাহিকের কাজই বেশি করছি। এ ছাড়া ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে কাজ শুরু করব। সেগুলোর কাজ হয়তো আগামী মাস থেকেই শুরু হবে। কোন ধরনের চরিত্রে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? আমি সবধরনের চরিত্রেই কাজ করতে পছন্দ করি। তবে পছন্দ বলতে গেলে আমি যা না সেই চরিত্রেই অভিনয়টা বেশি উপভোগ করি। চরিত্রের সঙ্গে নিজেকে রূপান্তর করাটা একটা নেশা বলতে পারেন। আর বর্তমানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে অনেক বৈচিত্র্য এসেছে। এখন আর নির্দিষ্ট প্রেম-ভালোবাসার মধ্যে আমাদের নাটক আটকে নেই। দৈনন্দিনের নানা ধরনের ঘটনাগুলোই উঠে আসছে আমাদের নাটকগুলোতে, সে ক্ষেত্রে আমাদের নাটকগুলোও অনেক বেশি জীবনঘনিষ্ঠ। এক ঘণ্টার নাটকে চরিত্রের মাঝে ভিন্নতা থাকে, এতে অভিনয়ের দক্ষতা অর্জন করা সম্ভব। নাটকের মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো সম্পর্কে আপনার মতামত জানতে চাই। সকলেই ভাবে দর্শকরা অনেক বোকা, আসলে আমাদের দর্শকরা অনেক সচেতন। দেখা যাবে বিজ্ঞাপনের ভয়ে সন্ধ্যায় তারা ইন্ডিয়ান চ্যানেলগুলোই বেশি দেখে। নাটকের টাইটেল দেখানোর পরই শুরু হয়ে গেল বিজ্ঞাপন। এ ক্ষেত্রে মাঝে মাঝে আমার মনে হয় আমরা দর্শকদের নাটক দেখাতেই চাই না। এর পরিত্রাণের উপায় চ্যানেলগুলোর হাতেই আছে, তারা চাইলেই একটি ফরম্যাটে নিয়ে আসতে পারে। আর আমাদের বর্তমান স্ক্রিপ্টগুলো মনে হয় অনেক দুর্বল। দর্শকদের ধরে রাখার মতো মানসম্মত নয়। ভালো গল্প হলেদর্শক দেখবেই। এ ক্ষেত্রে মেধাবীদের এগিয়ে আসা উচিত। আপনার নাগরিক আনন্দ-বেদনা কতটুকু? ব্যক্তিগত জীবনে বা সামাজিকভাবে একধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি। বলতে পারেন সব ক্ষেত্রে একটা স্নায়ুচাপ রয়েছে। এখানে আমি বলব আনন্দ-বেদনার চেয়ে চাপটাই বেশি। তারপরও সকলেরই আনন্দ খুঁজে নিতে হয়। তবে নাগরিক বেদনা খুঁজে নেওয়া লাগে না, তা স্বাভাবিকভাবেই চলে আসছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে কিছুটা অস্থিরতা বিরাজ করলেও দেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই দেশের কাছে আমার কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা আছে। নানা প্রতিকূলতার মাঝেও আমাদের দেশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। কারও জন্য অপেক্ষা না করে নিজেরা নিজেদের দায়িত্ব যদি সত্ ও সঠিকভাবে পালন করি তাহলে সমাজে কোনো সমস্যাই থাকবে না।