শাকিবের কামব্যাক !

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:২০
তাকে নিয়ে নানান অংক। তার একঘেঁয়ে লোকেশন, ড্রেস আপ ইত্যাদি। তার চরিত্র রিকশাওয়ালা হলেও যে সাজসজ্জা! কোটিপতির ছেলেতেও তাই। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার আবার অন্য নাম রয়েছে। সঙ্গত কারণেই পত্রিকায় তা উল্লেখ করা হলো না। এদিকে প্রযোজক নায়ক অনন্ত এসেই দু-তিনটে ছবিতে বিগ বাজেটের মুন্সিয়ানা আর ভুলভাল উচ্চারণ দিয়ে বিভিন্ন টকশোতে বুলি আওড়ানো শুরু করে দিলেন, ‘শাকিবের ছবি তো রিকশাওয়ালারা দেখে। আমিই এখন এক নম্বর।’ কিন্তু দীর্ঘ মেয়াদি চলচ্চিত্র ব্যবসার যে সুতিকাগার তৈরি করেছেন শাকিব খান তা হঠাত্ কোনো ঝড়ে যে পড়ে যাওয়ার নয় তা খুব ভালো করেই জানেন সকলে। সুঠাম দেহ, ক্যামেরা ফেস, লুক এক্সপ্রেশনের দিক দিয়ে সালমান শাহ’র পরে যে সবচেয়ে হ্যান্ডসাম হিরো বাংলাদেশে শাকিব খানই তা একবাক্যে শাকিবের শত্রুরাও স্বীকার করবেন। কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে নানান কন্ট্রোভার্সারিতে তার কাছে ভিড়তে থাকে নানা বন্ধুরূপী শত্রু। একটি পূর্ণাঙ্গ ছবি প্রযোজনা না করেও প্রযোজক ইকবাল নামের এক অর্বাচীন শাকিবের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার নাম করে নিজের ফায়দা হাসিলের অভিযোগও শোনা যায়। ইকবালের মতো এই অপচেষ্টা করেছেন অনেকেই। এরপরও শাকিব নিজের মতো করেই চলেছেন। আর মান্নার মৃত্যুর পর একচেটিয়া অবস্থান তৈরির জন্য শাকিবের কৃতিত্ব নেই। এ কৃতিত্ব নিয়তির। এরপরও নানান সমালোচনার মুখে শাকিব খানের ক্যারিয়ারের অবস্থান যখন নাজুক। পারিশ্রমিক ৪০ লাখ থেকে নেমে ৪ লাখেও ঠেকেছে শোনা যায়। নিজের অবস্থান খারাপ বলে এক সময়ের শত্রু, ধুর্ত বলে আখ্যা দেয়া জ্যাজ মাল্টিমিডিয়ার শীষ মনোয়ারের সাথেও আবার যেচে হাত মেলানো—এ সবই বোধকরি ক্যারিয়ারের স্বার্থে। তবে সর্বশেষ প্রাণ গ্রুপের একটি বিজ্ঞাপন চিত্রের অসাধারণ চিত্রায়নে অনেকের টনক নড়েছে। ক্যারিয়ারে মৃত্যুপথযাত্রী শাকিবকে যেন ফিরিয়ে এনেছে বিগ বাজেটের এই টিভিসি দুটি। সকলেই বলাবলি শুরু করেছেন শাকিব খানের জন্য এখন তাই পারিশ্রমিক না বাড়িয়ে প্রোডাকশনের বাজেট বাড়ালে ভালো কিছু ছবি তৈরি সম্ভব। এ ছাড়া একটি হাউজিংয়ের বিজ্ঞাপনের মডেল হিসেবেও দারুণ মানিয়েছে শাকিবকে। যদিও নিন্দুকেরা বলেন শাকিব সস্তা হয়ে গেছে বলেই ছোট পর্দায় এভাবে হাজির হচ্ছেন। কিন্তু বলিউডে শাহরুখ খানকে নকিয়া থেকে শুরু করে ঢেউটিনের বিজ্ঞাপনে দেখলেও আমাদের সমস্যা হয় না। শুধু সমস্যা এ দেশের তারকাদের বেলায়। এদিকে শিল্পী সমিতির সবচেয়ে ব্যর্থ সভাপতি হিসেবে শাকিব খানের নিন্দার যথার্থতা কিছুটা মিললেও তারকা শাকিবের যে যথার্থ মূল্যায়ন ঢালিউডে হয়নি, তাকে যে সুপাত্রে কেউ ব্যবহার করেনি। তাই যেন সাম্প্রতিক বিজ্ঞাপনগুলো চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল। তবে এখন শাকিবের নিজেরও বোধদয় হওয়া উচিত। শুধু নিজের গাঁটের তহবিলটা না মোটা করে ভালো কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার জন্য যেকোনো কিছুতেই ছাড় দেওয়া। দেখা যাক সময় আর নিয়তি কী উত্তর রেখেছে শাকিব খানের জন্য!