বর্তমান ফেরদৌস আরা

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:২০
নজরুল জয়ন্তী উপলক্ষে আগামীকাল ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় গুলশানে ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে দেশের জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান এবং ২৪ মে শুক্রবার সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে শিল্পীর একক গানের অনুষ্ঠান ‘দাও শৌর্য দাও ধৈর্য’ অনুষ্ঠানটি হবে। দুটি অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে থাকবে সুরসপ্তকের শিল্পীবৃন্দ। এ ছাড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চুরুলিয়া থেকে বাংলাদেশে প্রথম পদার্পণ দিবসের ১০০ বছর পূর্তিতে ত্রিশালের দরিরামপুর এবং নজরুল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধানশিল্পী হিসেবে অংশগ্রহণ এবং সংগীত পরিবেশন করবেন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে শিল্পীর একক বেশ কয়েকটি সংগীতানুষ্ঠান। এর মধ্যে দেশ টিভিতে ২৪ মে রাত ১১টা ৩০ মিনিটে কলের গানে গান গাইবেন এবং ভক্ত অনুরাগীদের ফোনে ভালোলাগা-ভালোবাসার কথা জানাবেন। ২৫ মে চ্যানেল আইতে প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে সুইজারল্যান্ডে চিত্রায়িত ফেরদৌস আরার একক নজরুল সংগীতের অনুষ্ঠান। এদিন চ্যানেল আই নজরুল মেলায় প্রকাশ করা হবে শিল্পীর একক অডিও ভিডিও সিডি। এ ছাড়া ২৫ মে বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, এনটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে ফেরদৌস আরার একক নজরুল সংগীতের অনুষ্ঠান।