আজ আত্মসমপর্ণ করবেন সঞ্জয় দত্ত

কারাগারে বাবুর্চির কাজ করতে হবে

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:২১
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত আজ আত্মসমর্পণ করবেন। আরও এক মাস আগে আত্মসমর্পণ করার কথা ছিল তার, কিন্তু অনেকগুলো ছবি ফেঁসে যাবে বলেই আবেদন করে একমাসের মেয়াদ বাড়িয়ে নেন তিনি। তারপর সাজা মওকুফের জন্যও আবেদন করেন। শুধু সঞ্জয়ই নয়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান, অজয় দেবগণ, জন আব্রাহামসহ বলিউডের প্রায় অধিকাংশই সঞ্জয়কে শাস্তি থেকে মওকুফের জন্য জোর আবেদন করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, আদালত কোনোভাবেই শাস্তি মওকুফ করতে রাজি না। আজ আত্মসমর্পণের শেষ দিন, তাই সঞ্জয় দত্ত মুম্বাইস্থ টাডা আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন বলে জানা যায়। অন্যদিকে প্রস্তুতি চলছে কারাগারে, সঞ্জয় দত্ত বলে কথা। জেলার ও সেখানকার আসামীরাও প্রস্তুতি নিচ্ছেন তাকে স্বাগতম জানানোর। এরইমধ্যে নির্ধারণ হয়ে গেছে, সশ্রম কারাদণ্ড হওয়ার কারণে সঞ্জয় জেলে কী কাজ করবেন। জেলে সঞ্জয়কে বাবুর্চির কাজ করতে হবে। আর এই কাজের জন্য প্রতিদিন ২৫ রুপি করে পাবেন সঞ্জয়, যদি কাজ ভালো করেন তাহলে ৫০ রুপি পাবেন। এভাবে চলবে ৫টি বছর। উল্লেখ্য, এর আগে একবার সঞ্জয় দত্তকে সশ্রম কারাভোগে চেয়ারমিস্ত্রীর কাজ করতে হয়েছে।