দ্বৈত গানে ঝিলিক ও দিপু

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:২১
প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী দিপু ও সেরাকণ্ঠ বিজয়ী ঝিলিক সম্প্রতি একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন। গানটি লিখেছেন চাইম ব্যান্ড লিডার ও জনপ্রিয় সংগীতশিল্পী খালিদের স্ত্রী শামিমা জামান। ‘তোমাকে ভাবতে পারি বলে’ শীর্ষক এ গানটি গত সোমবার সন্ধ্যা সেলিব্রেটি সাউন্ডল্যাবে রেকর্ডিং করা হয়। গানটি কণ্ঠশিল্পী দিপুর দ্বিতীয় একক অ্যালবামে থাকবে বলে জানা গেছে। গানটি প্রসঙ্গে দিপু বলেন, ‘অনেক সুন্দর সুন্দর শব্দ সাজিয়ে শামিমা ভাবি গানটি লিখেছেন। আর সেই সুন্দর শব্দগুলোর উপর সুর বসিয়ে তানভীর ভাই গানটিকে জীবন দিয়েছেন। ঝিলিকও অনেক ভালো গেয়েছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’ গানটির গীতিকার শামিমা জামান বলেন, ‘অনেক আগ থেকেই আমি লেখালেখি করি। মাঝেমধ্যে গান লেখারও চেষ্টা করেছি। তবে সম্পূর্ণভাবে এবারই প্রথম গান লিখলাম। আর আমার লেখা গানের রেকর্ডিং এটাই প্রথম। গানটি সবার ভালো লাগলেই আমার গান লেখার সার্থকতা আসবে।’ উল্লেখ্য, কণ্ঠশিল্পী দিপুর প্রথম অ্যালবাম ‘ভালোবাসো আমায়’ ২০১২ সালের মে মাসে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে আসে। এখন তার দ্বিতীয় অ্যালবামের কাজ চলছে। অ্যালবামটি চলতি বছরের মাঝামাঝিতে বাজারে আসবে বলে জানিয়েছেন দিপু।