অন্য দেশের তুলনায় বাংলাদেশের ব্যাংকিং খাত স্থিতিশীল হবে : গভর্নর

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:২৪
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কারণে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ব্যাংকগুলো স্থিতিশীল হবে। ব্যাংকের একাউন্টগুলো বিস্তৃত ও নানামুখী খাতে অর্থ বিনিয়োগ করার এ সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে কৃষিকে গুরুত্ব দেয়ার কারণও এজন্য কাজ করছে বলে তিনি মনে করেন। বাংলাদেশ ব্যাংক-এর উদ্যোগে ও এনসিসি ব্যাংক লিমিটেড-এর সহযোগিতায় অর্থনৈতিক রিপোর্টারদের জন্য সম্প্রতি আয়োজিত পাঁচদিনব্যাপী ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে গতকাল গভর্নর এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমীনসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিশ্লেষণমূলক ও অনুসন্ধানী প্রতিবেদন করতে হবে উল্লেখ করে গভর্নর বলেন, বর্তমানে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক অবস্থার অবনতি ও গ্যাস, বিদ্যুত্ সঙ্কটের কারণে এটা হচ্ছে। এর সঙ্গে অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়ে প্রতিবেদন হতে পারে। ব্যাংকিং খাতে শৃংখলা ফেরানোর জন্য বাংলাদেশ ব্যাংকের তদারকির জন্যও এটা কমতে পারে। আগে যাকে-তাকে ঋণ দেয়া হতো এখন এ বিষয়ে ব্যাংকগুলো কঠোর হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট ভূমিকা রয়েছে।