১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলায় সংশিশ্লষ্টদের কাছ থেকে অস্ত্র কেনার দায়ে দোষী সাব্যস্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত টাডা আদালতেই আত্মসমর্পণ করবেন বলে গতকাল বুধবার আবেদন করেছেন। এর একদিন আগে তিনি একই আদালতে অভিযোগ করেন মৌলবাদীরা তাকে হত্যার হুমকি দিচ্ছে। এ কারণে তিনি তখন দক্ষিণ মুম্বাইয়ের বিশেষ আদালতের পরিবর্তে পুনের ইয়েরওয়াডা জেলে আত্মসমর্পণ করার ইচ্ছা ব্যক্ত করেন। কিন্তু হঠাত্ করেই গতকাল তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের টাডা আদালতে আত্মসমর্পণের আবেদন করেন। খবর জি নিউজ ও টাইমস অব ইন্ডিয়ার।
আজ বৃহস্পতিবার সঞ্জয় দত্তকে আদালতে আত্মসমর্পণ হওয়ার কথা। অস্ত্র আইনের আওতায় তার মোট পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরই মধ্যে তিনি শাস্তির দেড় বছর ভোগ করেছেন। এখন তাকে বাকি সাড়ে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে। সঞ্জয় দত্তের আইনজীবী সুভাষ জাদব বলেন, তার মক্কেল মঙ্গলবারের দেয়া আবেদন প্রত্যাখ্যান করে পুনরায় আদালতে আবেদন করেছেন।
