তুরস্কে বোমা হামলায় নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:৪১
সিরিয়ার সীমান্তবর্তী তুর্কি শহর রেইহানলিতে দুটি গাড়ি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শনিবার ওই দুটি বোমা হামলায় ৫০ জন নিহত হয়। সোমবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এ হামলাকে ‘অপরাধীদের সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, “যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ অপরাধমূলক এবং অগ্রহণযোগ্য, হামলাকারীদের উদ্দেশ্য এক্ষেত্রে বিবেচ্য নয়, যেখানে, যখনই এবং যারাই এটি করে থাকুক না কেন।” এ হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে তুর্কি কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। তবে নিরাপত্তা পরিষদ এ হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নয়জন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। গ্রেপ্তারকৃতদের মধ্যে হামলার সন্দেভাজন মূল পরিকল্পনাকারীও আছে। ন্যাটো সদস্য দেশ তুরস্ক বলেছে, এ হামলায় সিরিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত বলে তারা সন্দেহ করছে। সিরিয়ার গৃহযুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের শক্তিশালী সমর্থক তুরস্ক। দেশটি প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও সমালোচক। সিরিয়ার ৪০ হাজার শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়ে আছে। তবে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সিরিয়া।