নওয়াজের সঙ্গে দ্রুত সাক্ষাতের আশা ওবামার

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:৪১
পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ শরিফের সঙ্গে দ্রুত সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার রাতে টেলিফোনে নওয়াজ শরিফের সঙ্গে আলাপচারিতায় এ আশাবাদ ব্যক্ত করেন ওবামা।—খবর বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের। এ সময় তিনি দেশটির নির্বাচনে বিজয়ী হওয়ায় নওয়াজকে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দ্য ডন এ খবর জানিয়েছে। টেলিফোন আলাপে ওবামা প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচনী প্রচারণা চালানোয় নওয়াজের সাহসের প্রশংসা করেন। ওবামা বলেন, ‘আপনি (নওয়াজ) যে জনরায় অর্জন করেছেন আমেরিকা তাকে শ্রদ্ধা জানায়।’ পাকিস্তানের সঙ্গে আরো বন্ধুত্বপূর্ণ এবং অর্থনৈতিক ঐক্য কীভাবে বাড়ানো যায় সে প্রচেষ্টা আমেরিকার রয়েছে বলেও ওবামা জানান। প্রত্যুত্তরে নওয়াজ শরিফও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ধন্যবাদ জানান। ১৪ বছর পর আবার দেশটির ক্ষমতায় ফিরে এসেছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লিগ। এর ফলে তৃতীয়বারের মতো পাকিস্তানের ইতিহাসে নওয়াজই প্রথম তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন।