তিউনিশিয়ায় পরিবেশ
বিপর্যয়
তিউনিশিয়ার উপকূলীয় শহর গাবেসে সরকারি রাসায়নিক কারখানা থেকে প্রতিদিন ১৩ হাজার টন বিষাক্ত আবর্জনা সাগরে ফেলা হয়। প্রায় দেড় লাখ জনবসতির এই শহরটি পরিবেশ দূষণের এক নির্মম শিকার। অ্যামোনিয়ার বিকট দুর্গন্ধ বাতাসে ভরা। কারখানার কালো আঠালো তরল বর্জ্য বয়ে যায় সাগরে। কাছাকাছি গ্রামের মানুষজন এই খবরে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছেন। — ডয়েচে ভেলে
সাত তলা কাঠের বাড়ি
কাঠের সঙ্গে কংক্রিট আর ইস্পাতে মিলে তৈরি হচ্ছে অভিনব এক বসতবাড়ি। শহরের মধ্যেও এমন বাড়ি তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। জার্মানির রাজধানী বার্লিনের ঠিক মাঝখানে একটি সাততলা উঁচু কাঠের বাড়ি সবার নজর কাড়ছে। বহুতল এ বাড়ি তৈরির পদ্ধতিটা নতুন হলেও, ইট-পাথরের বাড়ির চেয়ে তা অনেক তাড়াতাড়ি তৈরি করা যায়। স্থপতি টম কাডেন বললেন, এই মিশ্র নির্মাণ পদ্ধতির বাড়িতে কংক্রিটের পাত, ইস্পাতের পাত আর কাঠের দেয়াল শত শত নাটবল্টু দিয়ে ওজাডা দেয়া হয়। অথচ গোটা কাঠামোটা এতই মজবুত হয় যে, বড় বড় ঘরগুলোর জন্যেও আলাদা কোন পিলারের প্রয়োজন হয় না। —ডয়েচে ভেলে
ইউরোপে কর ফাঁকি বন্ধে ....
ইউরোপে কর ফাঁকি বন্ধ করতে বিভিন্ন তত্পরতা বাড়ানো হচ্ছে। আর্থিক সংকটের মধ্যে খোঁজ হচ্ছে বাড়তি আয়ের। ফলে নজর পড়ছে ধনীদের কর ফাঁকি দেবার প্রবণতার দিকে। এরফলে আনুমানিক প্রায় ১ লাখ কোটি ইউরোর ক্ষতি হচ্ছে। তাছাড়া দুই ইইউ সদস্য দেশ লুক্সেমবুর্গ ও অস্ট্রিয়ায় গোপন ব্যাংক অ্যাকাউন্ট রাখার ব্যাপারেও সমালোচনা চলছে। চাপে পড়ে লুক্সেমবুর্গ তার গোপনীয়তা আইন শিথিল করার ইঙ্গিত দিলেও অস্ট্রিয়া এখনো পুরোপুরি মনস্থির করে উঠতে পারছে না। —এএফপি
বার্ধক্যের বিরুদ্ধে লড়াই
বয়সের চাকা উল্টোদিকে ঘুরিয়ে দিতে কে না চায়? বিজ্ঞানীরা বাস্তবে এখনও সেরকম কিছু করতে পারেননি বটে, তবে আমেরিকার একদল গবেষক দাবি করছেন, তারা মস্তিষ্কের এমন একটা অংশকে চিহ্নিত করতে পেরেছেন যেটা শরীরের বৃদ্ধিকে যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি বয়স বাড়ার প্রক্রিয়াতেও এর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইঁদুরের ওপর পরীক্ষা সফল হলেও মানুষের শরীরে এখনও হাইপোথ্যালামাসের রাসায়নিক নিয়ে পরীক্ষা চালানো বাকি আছে। কিন্তু এই গবেষণা বিজ্ঞানীদের এতটাই উত্সাহিত করেছে যে তারা অনেকেই মনে করছেন, বয়সকে জব্দ করার চাবিকাঠি তাদের হাতে চলে আসছে। —বিবিসি
