টাঙ্গাইলে ১৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:৪৪
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ইশাপাশা গ্রামে চার মহিলাসহ ১৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আটজনকে আক্রান্ত রোগী হিসেবে এবং বাকি পাঁচজনকে সন্দেহভাজন রোগী হিসেবে চিহ্নিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন। সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম একটি মেডিক্যাল টিম নিয়ে মঙ্গলবার আক্রান্ত এলাকায় যান এবং রোগীদের চিকিত্সায় প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এলাকা পরিদর্শন শেষে সিভিল সার্জন জানান, গত সপ্তাহে অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবাই করে এলাকার ১১টি পরিবার মাংস ভাগাভাগি করে নেয়। এই পরিবারগুলোর যে সদস্যরা গরু জবাই এবং মাংস কাটা ও ধোয়ার কাজে যুক্ত ছিলেন তারাই আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের উদ্যোগে এলাকায় মাইকিং করে রোগাক্রান্ত গবাদিপশু বা পাখির মাংস না খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এলাকায় সার্বক্ষণিক একটি মেডিক্যাল টিম কাজ করছে।